বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি গণ পরিবহন ব্যবস্থায় (Public Transport System) এবার নতুন দিশা দেখাতে চলেছে যাত্রী সাথী অ্যাপ (Yatri Sathi AC Shuttle Service)। রাজ্য সরকার সমর্থিত এই অ্যাপের হাত ধরেই কলকাতার রাজপথে আরও একবার ফিরতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত শাটল বাস পরিষেবা (AC Shuttle Bus)। যদিও শুরুতে মহিলা যাত্রীরাই অগ্রাধিকার পাবেন বলে খবর।
শীঘ্রই চালুর পথে Yatri Sathi AC Shuttle Service
দীর্ঘদিন ধরেই এই শাটল পরিষেবা চালু করার দাবি জানিয়ে আসছিলেন নিত্য যাত্রীরা। তবে প্রথমদিকে শুধুমাত্র তিনটি রুটেই এই শাটল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে পরিষেবাটি বর্তমানে বালি–ব্যারাকপুর–শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউ টাউন সহ প্রধান অফিস রুটগুলিতে চালু আছে।
একেবারে সাধ্যের মধ্যে অর্থাৎ কম ভাড়ায় প্রত্যেক যাত্রীকে আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য, প্রথম রাইডে একজন যাত্রীর ভাড়া ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দ্বিতীয় রাইড থেকে প্রতিনিয়ত ওই শীতাতপ নিয়ন্ত্রিত শাটল বাসে যাতায়াতের জন্য সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূলত উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে আসা অফিস যাত্রীদের জন্য বিশেষ করে আইটি কর্মী এবং সল্ট লেক-নিউ টাউনগামী যাত্রীদের জন্য কম টাকায় নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুনঃ ৩০, ৪০ নাকি ৫০, কোন বয়সে কত Health Insurance কভারেজ দরকার? জানালেন বিশেষজ্ঞরা
প্রাথমিকভাবে ওই অ্যাপ সংস্থার তরফ থেকে শুধুমাত্র বাছাই করা কয়েকটি রুটে এই পরিষেবা চালু করা হলেও পরবর্তীতে এই পরিষেবা প্রসারিত করার চিন্তাভাবনা রয়েছে। প্রসঙ্গত এই যাত্রী সাথী অ্যাপ জুলাই মাসে দুটি পরীক্ষামূলক রুটে শাটল পরিষেবা চালু করেছিল।যাত্রীদের ইতিবাচক সাড়া মিলতেই রাষ্ট্র-সমর্থিত এই প্ল্যাটফর্মটি বর্তমানে তার পরিষেবা আরও প্রসারিত করছে। সব ঠিক থাকলে আগামী দিনে বেহালা এবং গড়িয়াকেও এই পরিষেবার আওতায় আনা হতে পারে। বাড়তে পারে বাসের সংখ্যাও।
কলকাতার বেসরকারি গণপরিবহন ব্যবস্থার বাজারে আগেও এই অ্যাপ-ভিত্তিক শাটল পরিষেবা চালু ছিল। একটি বড় বেসরকারি ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা একই ধরনের শাটল পরিষেবা চালু করেছিল, কিন্তু তারা তা চালু রাখতে ব্যর্থ হয়। শহর থেকে তাদের শাটল বাস পরিষেবা তুলে নেওয়ার পর, অন্তত তিনটি বেসরকারি সংস্থা দ্রুত বাজারের অংশ দখল করতে এগিয়ে আসে। অবশেষে এই ক্ষেত্রে প্রবেশ ঘটল সরকারি পরিবহন ব্যাবস্থা সংক্রান্ত অ্যাপ যাত্রী সাথীর।













