বাংলাহান্ট ডেস্ক: লখনউয়ের (Lucknow) আলিগঞ্জ এলাকায় সোমবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি কোচিং সেন্টারে আচমকা আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে প্রাণ বাঁচানোর তাগিদে বহু পড়ুয়া কোচিং সেন্টারের একতলা থেকে নিচে ঝাঁপ দিতে বাধ্য হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লখনউয়ে (Lucknow) কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৪ জন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বহুতলে কোচিং সেন্টারটি ছিল, তার নিচের তলায় পোষ্য প্রাণীর সামগ্রী-সহ একাধিক দোকান রয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভিতরে থাকা পড়ুয়া ও কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, কেউ জানলা ভেঙে বেরোনোর চেষ্টা করছেন, কেউ আবার ধোঁয়ার হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে নিচে নামার পথ খুঁজছেন। এক যুবককে জানলা দিয়ে বেরিয়ে আসতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে যেতেও দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।
আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করেন অভিনব স্টার্টআপ! তাতেই সাফল্য, বছরে ২৪ লক্ষের আয় পুণের এই দম্পতির
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দ্রুত এলাকা খালি করে উদ্ধার অভিযান শুরু করা হয়। কিন্তু ঘিঞ্জি এলাকা এবং আগুনের তীব্রতার কারণে প্রথমদিকে দমকল কর্মীদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। একাধিক দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামানো হয়েছে। পাশাপাশি ভবনের ভিতরে আটকে থাকা মানুষদের খুঁজে বের করার জন্য জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, এখনও কিছু মানুষ ভবনের ভিতরে আটকে থাকতে পারেন।
অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোকপ্রকাশ করেছেন এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। একই সঙ্গে উদ্ধারকাজে কোনওরকম ত্রুটি না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সভা চালাকালীনই মেজাজ হারালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি! দলীয় কর্মীদের বললেন ‘অকর্মণ্য
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। আহতদের জন্যও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ভয়াবহ দুর্ঘটনা শুধু লখনউ (Lucknow) নয়, গোটা দেশকেই নাড়া দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সকলের চোখ।













