বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরে (Jammu-Kashmir) ফের বিদেশি চক্রান্তের আশঙ্কা আরও জোরালো হল রবিবার। শ্রীনগর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই মার্কিন নাগরিককে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্যাটেলাইট ফোন, যা ভারতে কঠোরভাবে নিষিদ্ধ। ধৃতদের মধ্যে একজনের নাম জেফরি স্কট বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীর-এর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।
জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) শ্রীনগর বিমানবন্দরে ২ সন্দেহভাজন বিদেশি গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন তল্লাশির সময় ওই দুই বিদেশির ব্যাগ পরীক্ষা করতে গিয়ে গারমিন সংস্থার একটি স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। নিরাপত্তারক্ষীরা তাঁদের কাছে ফোনটি বহনের কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি তাঁরা। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: ভোটে নিরাপত্তা নিয়ে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক! উপস্থিত দেশের সকল আধাসেনা বাহিনীর প্রধান
ভারতে সরকারি অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশেষ করে থুরায়া ও ইরিডিয়ামের মতো ডিভাইস কঠোর নিয়ন্ত্রণের আওতায় পড়ে। আইন অনুযায়ী, এ ধরনের ডিভাইস বিনা অনুমতিতে বহন করলে তা বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারও করা হতে পারে। ফলে সংবেদনশীল অঞ্চল কাশ্মীরে এমন ডিভাইস উদ্ধার হওয়ায় প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে।
নিরাপত্তা সংস্থাগুলি এখন খতিয়ে দেখছে, ধৃত দুই মার্কিন নাগরিক শুধুই পর্যটক হিসেবে এসেছিলেন নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। তাঁদের গতিবিধি, যোগাযোগ এবং ভারতে আসার উদ্দেশ্য সব দিক থেকেই তদন্ত করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশে বিদেশি যোগে নাশকতার একাধিক ঘটনা সামনে আসায় এই ঘটনাকে হালকাভাবে নিতে চাইছে না প্রশাসন।

আরও পড়ুন:একে অপরের দেশে তৈরি করবে সামরিক ঘাঁটি! ভারত-রাশিয়ার মধ্যে কার্যকর বিরাট প্রতিরক্ষা চুক্তি
উল্লেখ্য, গত মাসেই জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে ৭ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন ইউক্রেন ও আমেরিকার নাগরিক। সেই ঘটনার তদন্তে নেমেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। এমন প্রেক্ষাপটে শ্রীনগরে স্যাটেলাইট ফোন সহ দুই মার্কিন নাগরিকের গ্রেপ্তারি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসনের মতে, উপত্যকায় (Jammu-Kashmir) নিরাপত্তা জোরদার রাখতে কোনও ঝুঁকি নেওয়া হবে না এবং গোটা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।












