বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর আগে রেশন (Ration) গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরশুমে এবার নির্দিষ্ট কিছু খাদ্যসামগ্রী বাজারদরের তুলনায় অর্ধেক দামে কেনার সুযোগ পাবেন রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলি। শুক্রবার এই ‘ফেস্টিভ প্যাকেজ’-এর কথা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
অর্ধেক দামে রেশন (Ration) কেনার সুযোগ ঘোষণা খাদ্যমন্ত্রীর
নতুন ব্যবস্থায় প্রতিটি রেশন কার্ডধারী পরিবার ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি পাওয়ার সুযোগ পাবে। তবে কোনও টাকা ছাড়াই নয়, এই তিনটি সামগ্রী এ বার মিলবে ৫০ শতাংশ ছাড়ে। অর্থাৎ বাজারে যে দামে এই পণ্যগুলি বিক্রি হয়, তার অর্ধেক মূল্যেই রেশন ব্যবস্থার মাধ্যমে সেগুলি কেনা যাবে। রাজ্যে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার এই ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ায় বিপুল সংখ্যক মানুষ এর আওতায় আসবেন।
এই ঘোষণার সঙ্গে রাজ্যের আর্থিক পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেছেন খাদ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা রয়েছে। তার মধ্যেই উৎসবের সময়ে রেশন গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা চালু করতে অতিরিক্ত প্রায় ১১৪ কোটি টাকা ব্যয় করবে রাজ্য। অতীতে উৎসবকেন্দ্রিক এমন উদ্যোগে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, এবারের বরাদ্দ তার তুলনায় অনেক বেশি বলেও জানিয়েছেন তিনি।
তবে শুরুতে সরকারের ভাবনা ছিল, এই পণ্যগুলি সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে। আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার পরে সেই সিদ্ধান্ত বদলানো হয়েছে। চলতি বছর তাই বিনামূল্যে নয়, অর্ধেক দামে চিনি, ময়দা এবং সুজি দেওয়ার পথেই হাঁটছে সরকার। ভবিষ্যতে রাজ্যের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে পরিকল্পনাটি ফের বদলানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সে ক্ষেত্রে আগামী বছর উৎসবের সময় সামগ্রীগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে অতীতের ব্যবস্থার সঙ্গে তুলনা টেনে অশোক কীর্তনিয়া বলেন, “অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই সুবিধা কি শুধুই দুর্গাপুজোকেন্দ্রিক, নাকি অন্য ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের তরফে সেই প্রশ্নও করা হয়।

আরও পড়ুন : আয়ুষ্মান ভারতে যুক্ত হওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের কী করবেন? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
কোনও ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে সুবিধা ভাগ করার কথা অস্বীকার করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।” ফলে এবারের উৎসব প্যাকেজে রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলিই মূল সুবিধাভোগী।













