বাংলা হান্ট ডেস্কঃ বাংলা-সহ দেশের ১২টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে একের পর এক সমস্যার মুখে পড়েছে নির্বাচন কমিশন (Election Commission)। নিয়ম বদলেছে, কাজের চাপ বেড়েছে, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। এত কিছুর পরেও এই বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়াকেই সফল বলে দাবি করল কমিশন। শুধু তাই নয়, এই মডেলেই গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটার ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার।
১২ রাজ্যে SIR চালাতে গিয়ে প্রতিপদে সমস্যা
বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চালাতে গিয়ে একাধিক জটিলতার মুখে পড়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ চিহ্নিতকরণ, প্রায় প্রতিটি ধাপেই বদলেছে নিয়ম। বিএলও, ইআরও, এইআরও থেকে শুরু করে অবজার্ভারদের উপর পড়েছে অসম্ভব কাজের চাপ। অন্যদিকে, পর্যাপ্ত সচেতনতার অভাবে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি।
এই সমস্ত সমস্যার মধ্যেও এই SIR মডেলকেই সফল বলে দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gynesh Kumar)। শনিবার জাতীয় ভোটার দিবসের প্রাক্কালে তিনি জানান, যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও SIR প্রক্রিয়া শুরু হয়নি, সেখানেও দ্রুত এই প্রক্রিয়া চালু করা হবে। জ্ঞানেশ কুমারের বক্তব্য, “শুদ্ধ ভোটার তালিকাই গণতন্ত্রের মূল ভিত্তি। সেটা নিশ্চিত করতেই গোটা দেশেই SIR হবে।” তিনি জানান, বিহারে ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় সাফল্য মিলেছে এবং ঐতিহাসিকভাবে সেখানে ভোটদানের হারও বেড়েছে।
৬.৫৯ কোটি নাম বাদ, সংখ্যা আরও বাড়তে পারে
নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল। ইতিমধ্যেই সব রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোট ৬.৫৯ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
SIR শুরুর আগে এই ১২ রাজ্যে মোট ভোটার ছিলেন ৫০.৯৭ কোটি। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৪.৩৮ কোটিতে। যদিও কমিশন জানিয়েছে, এটি শুধুমাত্র প্রাথমিক তালিকা। যাচাই প্রক্রিয়া এখনও চলছে, ফলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
SIR-এর পরিসংখ্যানে সামনে এল বড় প্রশ্ন
এত বিপুল সংখ্যক ভোটার যদি ‘অযোগ্য’ বা ভুয়ো হয়ে থাকেন, তাহলে এতদিন তাঁদের নাম ভোটার তালিকায় ছিল কীভাবে, এই প্রশ্ন উঠছেই। বিরোধীদের দীর্ঘদিনের ভোটচুরির অভিযোগের সঙ্গেও এই তথ্য মিলছে কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ SIR-র নোটিস পেলেন দেবাংশু, ক্ষোভে ফুঁসে নেতা বললেন, পুরোটাই তৃণমূল…
রাজনৈতিক মহলের একাংশের মতে, গোটা দেশে SIR চালু করে নির্বাচন কমিশন (Election Commission) আসলে নিজেদের পুরনো ভুলই শুধরে নিতে চাইছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে এই মডেলেই আগামী দিনে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে।

















