বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে (Yuvasathi Scheme) নাম নথিভুক্ত করেছেন হাজার হাজার যুবক-যুবতী। দুয়ারে সরকার ক্যাম্প হোক বা অনলাইন পোর্টাল, বহু আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। কিন্তু ফর্ম দেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আবেদনটি আদৌ গ্রহণ হয়েছে কি না, বর্তমান অবস্থাই বা কী? এবার সেই চিন্তার অবসান। বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে জানা যাবে আবেদনের স্ট্যাটাস। কীভাবে স্ট্যাটাস চেক করবেন? জানুন…
কীভাবে জানবেন যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদনের বর্তমান অবস্থা?
যারা ইতিমধ্যেই যুবসাথী (Yuvasathi Scheme) পোর্টাল বা অফলাইন ক্যাম্পে আবেদন করেছেন, তারা অফিসিয়াল ওয়েবসাইট https://apas.wb.gov.in/–এ গিয়ে স্ট্যাটাস যাচাই করতে পারবেন। পদ্ধতিটি খুবই সহজ। প্রথমে ব্রাউজার খুলে যুবসাথী প্রকল্পের পোর্টালে ঢুকতে হবে। হোমপেজে থাকা ‘Check Status’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে এবং পাশের ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করতে হবে।
তারপর ‘Get OTP’ বোতামে ক্লিক করলে মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেই OTP দিয়ে ‘Verify Pin’ করলেই স্ক্রিনে আবেদনের ফলাফল দেখা যাবে। যদি আবেদনটি সিস্টেমে নথিভুক্ত হয়ে থাকে, তাহলে স্ক্রিনে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। পাশাপাশি ‘Application Form’ অপশনে গিয়ে জমা দেওয়া ফর্মটি পুনরায় দেখা বা প্রিন্টও করা যাবে।
অফলাইনে আবেদন করলে কেন স্ট্যাটাস দেখা যাচ্ছে না?
অনেক আবেদনকারী দুয়ারে সরকার ক্যাম্পে বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে গিয়ে তথ্য দেখতে পাচ্ছেন না। এতে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ, ক্যাম্পে জমা পড়া বিপুল সংখ্যক ফর্মের ডেটা এন্ট্রি ও অনলাইনে আপলোড করার প্রক্রিয়া সময়সাপেক্ষ। ক্যাম্প চলাকালীন মূলত ফর্ম সংগ্রহের কাজ হয়। পরে ধাপে ধাপে সেই ফর্মগুলো পোর্টালে আপলোড করা হয়। ফলে ক্যাম্পে রিসিভ কপি বা রেজিস্ট্রেশন নম্বর পেলেও, সেটি অনলাইনে আপডেট হতে কিছুটা সময় লাগতেই পারে।
অনলাইনে নাম না দেখালে কি আবার আবেদন করা যাবে?
অনেকেরই মনে প্রশ্ন, অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর অনলাইনে নাম না দেখালে কি আবার অনলাইন আবেদন করা সম্ভব? নিয়ম অনুযায়ী, তা করা যায়। যতক্ষণ পর্যন্ত অফলাইন ফর্মটি সিস্টেমে আপলোড না হচ্ছে, ততক্ষণ অনলাইন আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে অফলাইন ফর্ম প্রসেস হওয়ার সময় আধার নম্বর বা ফোন নম্বর মিলিয়ে ডুপ্লিকেট হিসেবে অফলাইন আবেদনটি বাতিল বা ‘Already Enrolled’ দেখাতে পারে। সে ক্ষেত্রে অনলাইন আবেদনটিই বহাল থাকবে।

তবে বর্তমানে পোর্টালে কেবল রেজিস্ট্রেশন হয়েছে কি না, সেটুকুই দেখা যাচ্ছে। আবেদনটি ভেরিফিকেশন বা অনুমোদনের কোন পর্যায়ে রয়েছে, তা এখনও অনলাইনে দেখানো হচ্ছে না। সেই তথ্য জানার জন্য আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে (Yuvasathi Scheme)।













