বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের রাজনীতিতে আবার সক্রিয় হয়ে উঠছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। গরু পাচার মামলায় দীর্ঘ সময় তিহাড় জেলে কাটানোর পর তিনি ফের জনসভায় মুখ খুলছেন একের পর এক ইস্যুতে। এবার তাঁর নিশানায় জেলা পুলিশ। বোলপুরে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগ করলেন, বীরভূমে কয়লা পাচারের সঙ্গে পুলিশের একাংশ জড়িত।
অন্য রাজ্য থেকে কয়লা বীরভূমে ঢুকছে, জানালেন অনুব্রত (Anubrata Mandal)
বুধবার বোলপুরে গীতাঞ্জলি উৎসবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সেখানেই তিনি বলেন, “যেমন হাতের পাঁচটা আঙুল সমান নয়, তেমনই পুলিশের সবাই এক নয়। পুলিশের একাংশ নোংরামির সঙ্গে যুক্ত।” তাঁর দাবি, এই বিষয়ে তিনি জেলা পুলিশ সুপারকেও জানিয়েছেন। অনুব্রতের কথায়, স্থানীয় মানুষজনের কাছ থেকে তিনি খবর পেয়েছেন রামপুরহাট, মহম্মদ বাজার ও সিউড়ি হয়ে ঝাড়খণ্ড বা অন্য রাজ্য থেকে কয়লা বীরভূমে ঢুকছে। এই অভিযোগ সামনে আসার পরই নাকা চেকিং শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার মামলায় জোর তদন্ত শুরু হয়। তারপর একের পর এক হাই প্রোফাইল নাম জড়ায় এই মামলায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকেও একাধিকবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়েকদিন আগেই এই মামলায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।

আরও পড়ুনঃ মেট্রোর জন্য সরল ধর্মতলা বাস ডিপো! কোথায় হল নতুন ডিপো? কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
এর আগে আইসি লিটন হালদারকে কু কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত (Anubrata Mandal)। এবার সরাসরি পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলে ফের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে উঠে এলেন তিনি। ভোটের আগে কয়লা পাচার ইস্যুতে তাঁর এই মন্তব্য নতুন করে উত্তাপ বাড়াল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
















