বাংলা হান্ট ডেস্ক: রমজানের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার সকালে করাচি শহরের সোলজার বাজার এলাকায় একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে।
রমজানের প্রথম দিনেই পাকিস্তানে (Pakistan) ভয়াবহ বিস্ফোরণ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বহুতলটির দ্বিতীয় তলায় আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা এবং মুহূর্তের মধ্যে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।
আরও পড়ুন: ‘বোর্ড অফ পিস’-এর প্রথম বৈঠকে উপস্থিত ভারত, সেখানেও ভারত-পাক সংঘাতের কৃতিত্ব দাবি ট্রাম্পের
স্থানীয় সূত্রের দাবি, ভবনের দ্বিতীয় তলায় রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থল ঘিরে রেখে ধ্বংসস্তূপ খতিয়ে দেখছে এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। উদ্ধারকাজ রাতভর চলেছে বলে প্রশাসন জানিয়েছে।

আরও পড়ুন:তারেক রহমান ক্ষমতায়! বরফ গলছে দিল্লি-ঢাকা সম্পর্কে, কবে থেকে ভিসা সার্ভিস চালু করেছে ভারত?
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আহতদের চিকিৎসার জন্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।













