বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন (8th pay commission) নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কবে সুপারিশ কার্যকর হবে, কত বাড়বে বেতন, এই সব প্রশ্নের মাঝেই এবার সামনে এল বড় খবর। বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্টের আগেই কর্মীদের আর্থিক স্বস্তি দিতে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে দেওয়ার দাবি উঠেছে।
অষ্টম বেতন কমিশনে (8th pay commission) ডিএ সংযুক্তিকরণের দাবি
অষ্টম বেতন কমিশন (8th pay commission) নিয়ে জল্পনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ডিএ সংযুক্তিকরণের বিষয়টি। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন (FNPO) কমিশনের চেয়ারপারসন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের কাছে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান ৫০ শতাংশ ডিএ যেন মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়। সংগঠনের দাবি, এটি ১ জানুয়ারি ২০২৬ থেকে ‘অন্তর্বর্তীকালীন স্বস্তি’ হিসেবে কার্যকর করা হোক। কারণ, নতুন বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত হতে এবং তা বাস্তবায়িত হতে সাধারণত অনেক সময় লাগে। সেই সময়ের মধ্যে কর্মীদের আর্থিক চাপে পড়তে হয়।
কেন উঠল এই দাবি?
FNPO তাদের চিঠিতে বর্তমান বাজার পরিস্থিতির কথা উল্লেখ করেছে। তাদের বক্তব্য, জীবনযাত্রার খরচ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম লাগামছাড়া। পাশাপাশি চিকিৎসার খরচ ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি মাসিক বাজেটে বড় প্রভাব ফেলছে। ফলে কর্মচারীদের হাতে থাকা টাকার পরিমাণ কমে যাচ্ছে। অতীতের অভিজ্ঞতা তুলে ধরে সংগঠনটি জানিয়েছে, যখনই ডিএ ৫০ শতাংশ ছাড়িয়েছে, তখন তার একটি অংশ মূল বেতনের সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। সেই প্রথা মেনেই এবারও একই দাবি জানানো হয়েছে।
বেতন কাঠামোয় কী বদল আসতে পারে?
যদি ৫০ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়, তবে কর্মীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন দেখা যাবে। শুধু মাসিক হাতে পাওয়া টাকাই নয়, অন্যান্য ভাতা ও অবসরকালীন সুবিধাতেও প্রভাব পড়বে। ধরা যাক, কারও বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা। ৫০ শতাংশ হারে তিনি ১০,০০০ টাকা ডিএ পাচ্ছেন। ডিএ যুক্ত হলে তাঁর নতুন বেসিক পে দাঁড়াবে ৩০,০০০ টাকা। এর ফলে এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্সসহ যেসব ভাতা বেসিক পে-র ওপর নির্ভর করে, সেগুলিও বাড়বে। পাশাপাশি পিএফ কন্ট্রিবিউশন বাড়বে, কারণ তা মূল বেতনের ওপর নির্ধারিত হয়।
অবসরকালীন সুবিধাতেও বড় প্রভাব
মূল বেতন বৃদ্ধি মানেই পেনশন ও গ্র্যাচুইটির অঙ্কও বাড়বে। যাঁরা অবসরের কাছাকাছি, তাঁদের ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ অবসরকালীন সমস্ত হিসেবই মূল বেতনের ওপর নির্ভর করে। এছাড়া ভবিষ্যতে যদি আবার ৩ বা ৪ শতাংশ ডিএ বাড়ে, তবে তা পুরনো ২০,০০০ টাকার বদলে নতুন ৩০,০০০ টাকার ওপর কষা হবে। ফলে টাকার অঙ্কে বাড়তি লাভ হবে আরও বেশি।

আরও পড়ুনঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! আজ থেকে LPG Cylinder কিনতে কত টাকা লাগবে জানেন?
সব মিলিয়ে, বেতন কমিশনের (8th pay commission) চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এই প্রস্তাব কার্যকর হলে কর্মীদের আর্থিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। এখন দেখার, কমিশন এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

















