সাতসকালে ইডির থাবা, কলকাতা পুলিশের ডিসি শান্তনুর বাড়িতে চলছে তল্লাশি

Published on:

Published on:

Enforcement Directorate raids Kolkata Police DC Shantanu's house
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের আগে রাজ্যে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, তখনই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সক্রিয় হয়ে উঠেছে ইডি (Enforcement Directorate)। রবিবার ভোর থেকে শহরের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি অভিযান। এবার ইডি হানা দিয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে। বালিগঞ্জের ফার্ন রোডে অবস্থিত তাঁর বাসভবনে পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা এবং শুরু হয় তল্লাশি।

কলকাতা পুলিশের ডিসির বাড়িতে ইডি (Enforcement Directorate)

জানা যাচ্ছে, বালিগঞ্জের ‘সোনা পাপ্পু’ সংক্রান্ত মামলার তদন্তের সূত্রেই এই পদক্ষেপ। উল্লেখযোগ্য বিষয়, শান্তনু সিংহ পূর্বে কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। একইসঙ্গে রবিবার সকালে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় ইডি।

বালিগঞ্জের গন্ডগোলের মূল অভিযুক্ত ‘সোনা পাপ্পু’ এখনও অধরা। যদিও সমাজমাধ্যমে তাঁকে ‘লাইভ’ করতে দেখা গিয়েছে, আর তা নিয়েই উঠেছে প্রশ্ন। এই মামলায় এর আগে এক আইপিএস আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি। এবার সরাসরি ডেপুটি কমিশনারের বাড়িতে তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত বেহালার ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও পৌঁছয় ইডির দল। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ অর্থ উদ্ধার হয়েছিল বলে জানা যায়। জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁকে দুবার তলব করলেও, তিনি হাজিরা দেননি। তাই রবিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেহালায় ওই ব্যবসায়ী বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকেরা।

Enforcement Directorate raids Kolkata Police DC Shantanu's house

আরও পড়ুন :মালামাল হল এই ব্যাঙ্ক! ১৩,০০০ কোটি টাকারও বেশি মুনাফা, করল ডিভিডেন্ডের ঘোষণা

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে ২৯৪টি আসনে। ফল ঘোষণা হবে ৪ মে। ভোটের আবহে এই পরিস্থিতিতে বিভিন্ন মামলায় কলকাতায় ইডির বাড়তি সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।‌ তদন্তের অগ্রগতি এখন কোন দিকে যায়, সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।