বাংলা হান্ট ডেস্কঃ আজ ২৫ বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবি গুরু’র ১৬৫তম জন্মজয়ন্তী। আর এই দিনেই রাজ্যের নবম ও বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। গোটা বাংলা জুড়ে যখন রীতিমতো উৎসব তখন কী করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা | Mamata Banerjee
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট খাঁ খাঁ করছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মমতাকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি যাননি। সূত্রের খবর, সকালে কোনও কর্মসূচী না থাকলেও আজ বিকেলে নিজের বাড়ির চত্বরে, বাড়ির সামনেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমেই জনসমক্ষে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের জন্য কোনো বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন: শপথ গ্রহণের সকালে আবেগঘনবার্তা শুভেন্দুর, ‘সোনার বাংলার’ স্বপ্নে নতুন ইঙ্গিত
রবীন্দ্রজয়ন্তীর দিন সমাজমাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘পঁচিশে বৈশাখের এই পুণ্য দিনে বিশ্ববন্দিত শ্রেষ্ঠ চিন্তাবিদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে নিবেদন করি আমার অন্তহীন প্রণাম। রবীন্দ্রজয়ন্তী আমাদের কাছে বাংলা ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্যেরই এক নবজন্মের মহোৎসব। তাঁর সুগভীর জীবনদর্শন আমাদের প্রাত্যহিক পথচলার অবিনাশী আলোকবর্তিকা। তিনি আমাদের শিখিয়েছেন- বিভেদ নয়, মিলনই সত্য। উগ্র জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সমগ্র মানবসভ্যতা যেন ঐক্যের মহামন্ত্রে দীক্ষিত হয়, এই শিক্ষাই তিনি বিশ্বচরাচরকে দিয়ে গেছেন।
“হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে।”













