বাংলায় CBI তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Government of West Bengal gives general consent to CBI to investigate cases in state
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে নেওয়া সিদ্ধান্ত বদল করল রাজ্যের নতুন সরকার (Government of West Bengal)। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে (CBI) বড় ছাড়পত্র দেওয়া হল। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত- (Government of West Bengal)

সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬-এর ৬ নং ধারা অনুসারে রাজ্য জুড়ে তদন্তের ক্ষেত্রে সিবিআই-কে সার্বিক অনুমতি তথা জেনারেল কনসেন্ট দেওয়া হল। একইসঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কোন ধরনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি তদন্ত করতে পারবে এবং কোন ধরনের মামলায় রাজ্যের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।

আরও পড়ুনঃ কোয়েলের সাংসদ পদ ছাড়া নিয়ে জল্পনা! কত বেতন, কী কী সুবিধা পাচ্ছেন অভিনেত্রী?

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, এবার থেকে বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের ক্ষেত্রে সিবিআই-য়ের কোনও রকম অনুমতির প্রয়োজন হবে না। তবে রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে তাঁদের আগাম লিখিত অনুমতি নিতে হবে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে তাঁরা সরাসরি তদন্ত শুরু করে দিতে পারবে না।

২০১৮ সালে একটি বিজ্ঞপ্তি জারি করে বাংলায় সিবিআই তদন্তের সার্বিক অনুমতি তথা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছিল পূর্বতন তৃণমূল সরকার। ফলে যে কোনও মামলার তদন্তের ক্ষেত্রে তাঁদের আলাদা করে রাজ্যের অনুমতি নিতে হত। পালাবদল হতেই সেই সিদ্ধান্তে বদল আনল বিজেপি সরকার।

Government of West Bengal gives general consent to CBI to investigate cases in state

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই সিদ্ধান্ত সম্বন্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। সেই সঙ্গেই কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি-কেও কপি পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রায় ৮ বছর আগে তৃণমূল সরকার ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পর বিস্তর জলঘোলা হয়েছিল। প্রভাবশালীদের বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত কিনা সেই প্রশ্নও উঠেছিল। তবে পালাবদল হতেই রাজ্যে সিবিআই তদন্তের সার্বিক অনুমতি দিয়ে দিল বিজেপি সরকার।