‘ও তো আমার সন্তানসম’! অভিষেককে নিয়ে এবার সুর নরম কল্যাণের

Published on:

Published on:

TMC MP Kalyan Banerjee says Abhishek Banerjee is like his child
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সরাসরি বলেছিলেন, “আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান”। মাঝে একদিন যেতে না যেতেই পাল্টে গেল ছবি। প্রবীণ তৃণমূল নেতা এদিন অভিষেককে ‘সন্তানসম’ বলে আখ্যা দিলেন।

অভিষেককে নিয়ে আর কী বললেন কল্যাণ? | (Kalyan Banerjee)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে শ্রীরামপুরের সাংসদ বলেন, “ও তো আমার সন্তানসম। সত্যি তো ছোট থেকে মানুষ করেছি। সন্তান যদি ভুল স্বীকার করে, তাহলে ক্ষমা করা পিতৃস্থানীয় লোকেদের কর্তব্য। ও ভাল করে কাজ করুক। আমরা সবাই আছি”।

আরও পড়ুনঃ পদে পদে বাড়ছে বিপদ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ দায়ের

বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কল্যাণ। তাঁর ‘ঔদ্ধত্য’ নিয়েও সরব হয়েছিলেন প্রবীণ নেতা। তবে শুক্রবার অভিষেক বলেন, তাঁকে নিয়ে কথা বলার অধিকার কল্যাণের রয়েছে।

ডায়মন্ড হারবারের সাংসদের জানান, “আমাকে নিয়ে কথা বলার অধিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। চারটে কটু কথা বলারও অধিকার আছে। আমায় ছোট থেকে মানুষ করেছেন, বড় হতে দেখেছেন। ওনার কথা আমি খারাপভাবে নিই না। ওনার হয়তো কোনও ঘটনা খারাপ লেগে থাকতে পারে, সেই কারণে বলেছেন”।

Kalyan Banerjee Abhishek Banerjee

অভিষেক একথা বলার পর শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন কল্যাণ। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘সন্তানসম’ বলার পাশাপাশি তাঁর পাশে থাকার কথাও বলেছেন তিনি।

ছাব্বিশের বিধানসভা ভোটের পর তৃণমূলে ভাঙনের ছায়া নেমে এসেছে। প্রবীণ-নবীন বহু সাংসদ-বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এই পরিস্থিতিতে শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের মতো তৃণমূলের পুরনো কিছু ‘সৈনিক’ দলনেত্রীর পাশে রয়েছেন। সেই কল্যাণই সরাসরি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ায় তীব্র শোরগোল পড়েছিল। তবে তাঁর এদিনের মন্তব্যে অভিষেক-কল্যাণ ‘দ্বন্দ্বে’ আপাতত ইতি পড়ল বলে মনে করা হচ্ছে।