অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা! শাহের বৈঠকে কড়া নিরাপত্তার ব্লুপ্রিন্ট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ৩ জুলাই থেকে শুরু হতে চলা এবারের অমরনাথ যাত্রাকে (Amarnath Yatra) ঘিরে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক ইনপুট। সূত্রের দাবি, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি এই বছরের অমরনাথ যাত্রাকে নিশানা করতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে ‘অ্যাকশনেবল’ গোয়েন্দা তথ্য পৌঁছেছে। এই পরিস্থিতিতে শুক্রবার নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক ডেকে গোটা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাত্রাপথে সম্ভাব্য জঙ্গি হামলা, অনুপ্রবেশ এবং নাশকতার আশঙ্কা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন কেন্দ্রের তরফে

দিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সিআরপিএফের মহাপরিচালক জি পি সিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকরা। বৈঠকে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুস্তরীয় সুরক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয়। সূত্রের দাবি, এবারের যাত্রায় ডিজিটাল নজরদারি ও তথ্য যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সমস্ত তীর্থযাত্রী, নিরাপত্তারক্ষী এবং স্বেচ্ছাসেবকদের তথ্য আগে থেকেই ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করা হবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সেই তথ্য যাচাই করবে।

আরও পড়ুন: নির্দিষ্ট সীমা বেঁধে দিল RBI, এর থেকে বেশি টাকা তুলতে পারবে না এই ব্যাঙ্কের গ্রাহকরা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘পহেচান’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেক অংশগ্রহণকারীর পরিচয় যাচাই করা হবে। যাত্রার সঙ্গে যুক্ত প্রত্যেককে কিউআর কোডভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। শুধু যাত্রী বা নিরাপত্তাকর্মীই নন, যাত্রাপথে যাঁরা খাবার বিক্রি করবেন বা বিনামূল্যে প্রসাদ ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন, তাঁদের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই ডিজিটাল ম্যাপিং এবং পরিচয় যাচাই ব্যবস্থা সম্ভাব্য অনুপ্রবেশকারী বা নাশকতাকারীদের চিহ্নিত করতে সাহায্য করবে।

এবারের অমরনাথ যাত্রায় আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। ৫৭ দিনের পুরো যাত্রাপর্বে কোনও ধরনের হেলিকপ্টার পরিষেবা চালু থাকবে না। গোটা যাত্রাপথকে ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রাপথে দিনরাত মোতায়েন থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, আগের বছরের তুলনায় অনেক বেশি সংখ্যায় পোর্টেবল জ্যামার, ডিপ সার্চ মেটাল ডিটেক্টর এবং বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র বসানো হবে। যাত্রার প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ সিসিটিভি নজরদারির আওতায় আনা হচ্ছে। এছাড়া আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হচ্ছে।

Central govt has put in place tight security arrangements for the Amarnath Yatra.

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল হলে কী করবেন? টাকা কি মিলবে? জেনে নিন

নিরাপত্তা আরও জোরদার করতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় বাড়ি বা আবাসন ভাড়া নেওয়ার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। অমরনাথ যাত্রা (Amarnath Yatra) চলাকালীন কোনও ব্যক্তি ভাড়াটে হিসেবে থাকতে চাইলে তাঁকে আগে রাজ্য পুলিশের পূর্ণাঙ্গ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, এই পদক্ষেপের ফলে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা সহজ হবে। গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে এবারের অমরনাথ যাত্রাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। প্রশাসনের আশা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।