নতুন পদ পেয়েও ইস্তফা! এবার মমতার হাত ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

Published on:

Published on:

Former minister Jyotipriya Mallick resigns from all TMC post
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) পুরনো ‘সৈনিক’দের মধ্যে অন্যতম। দলের সূচনালগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার তিনিও নেত্রীর হাত ছাড়লেন। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

জ্যোতিপ্রিয়র সিদ্ধান্তে তোলপাড় | (Jyotipriya Mallick)

কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় ওরফে বালুকে বড় দায়িত্ব দিয়েছিল তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলার সাংগঠনিক দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছিলেন। সেই সঙ্গেই দলের জাতীয় কর্মসমিতিতেও বালুকে স্থান দেওয়া হয়েছিল। এরপর কয়েকদিন যেতে না যেতেই তৃণমূলের সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করলেন এই প্রবীণ নেতা।

আরও পড়ুনঃ রাজ্যের সব কলেজে বিশেষ কর্মসূচি,‌ বড় নির্দেশ রাজ্য সরকারের

সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে ইস্তফার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয়। সেখানে নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। বালুর এই আবেদন গ্রহণ করা হয়েছে বলে খবর। তবে তাঁর এই পদত্যাগের খবরে বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা কল্পনা শুরু হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের তালিকায় প্রথম সারিতে রয়েছে জ্যোতিপ্রিয়র নাম। দলনেত্রীর লড়াইয়ের দিনগুলিতে বরাবর পাশে থেকেছেন তিনি। বালুর বিপদেও তাঁর পাশে দাঁড়িয়েছে দল। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর একাধিকবার সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

Jyotipriya Mallick

ছাব্বিশের বিধানসভা ভোটেও জ্যোতিপ্রিয়কে টিকিট দিয়েছিল তৃণমূল। যদিও হাবরা কেন্দ্রে জিততে পারেননি তিনি। এরপর থেকে বিভিন্ন দলীয় কর্মসূচি ও জনসমক্ষে সেভাবে দেখা যায়নি বালুকে। কিন্তু কয়েকদিন আগে দলের তরফ থেকে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এতে মনে করা হচ্ছিল, এখনও এই প্রবীণ নেতার উপর আস্থা হারায়নি জোড়াফুল শিবির। তবে এবার নিজেই দলের সব পদ থেকে ইস্তফা দিলেন বালু।

ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে ভাঙনের ধারা শুরু হয়েছে। একের পর এক নেতা-নেত্রী সুপ্রিমোর হাত ছাড়ছেন। সেই তালিকার নবতম সংযোজন বালু।