বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের কার্যকাল শনিবার শেষ হচ্ছে। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী (Justice Tapabrata Chakraborty)। হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁকে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন। কেন্দ্রের আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিনুন | (Calcutta High Court)
হাইকোর্টের প্রধান বিচারপতি অবসর গ্রহণ করলে সাধারণত বয়ঃজ্যেষ্ঠ বিচারপতিকেই সেই দায়িত্ব দেওয়া হয়। এই নিয়ম মেনেই প্রধান বিচারপতি সুজয় পালের কার্যকাল শেষ হওয়ার পর দায়িত্ব নেবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে সরকারি সুবিধা! বড় ঘোষণা রাজ্য সরকারের
বিচারপতি চক্রবর্তীর জন্ম ১৯৬৬ সালে। আইনজীবী হিসেবে তাঁর নাম নথিভুক্ত হয় ১৯৯১ সালে। আইনজীবী হিসেবে দু’দশকেরও বেশি সময় কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন তিনি। এরপর ২০১৩ সালে তাঁকে বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। তিন বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। বিগত ১০ বছরে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়দান করেছেন বিচারপতি চক্রবর্তী। এবার প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
উচ্চ আদালতের বিচারপতি থাকাকালীন ওবিসি তালিকা বাতিল সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৩২ হাজার চাকরি বাতিল করেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করেছিল বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানানো হয়, কারও চাকরি যাবে না। মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে এই জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়।

এছাড়া ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাতেও গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ২০১০ সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া সকল ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিলেন তিনি। এক্ষেত্রে তাঁর পর্যবেক্ষণ ছিল, তৃণমূল আমলে অনগ্রসর শ্রেণি হিসেবে তালিকাভুক্ত হওয়া ১১৩টি সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া সঠিক ছিল না। সেই কারণে ওই শংসাপত্র কোথাও ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। এই জলও সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে।
বিগত ১০ বছরে বিচারপতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায়দানকারী বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসতে চলেছেন। আজ বর্তমান প্রধান বিচারপতি সুজয় পাল অবসর নেওয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
















