বাংলা হান্ট নিউজ ডেস্কঃ উড়ে গেলো স্কটল্যান্ড, স্বমহিমায় মাঠে দাপিয়ে বেড়ালো ব্রাজিল (Brazil)। ভিনিসিয়স জুনিয়রের (Vinicius Junior) জোড়া গোল এবং কুনহার একমাত্র গোলে ৩-০ ফলে ম্যাচ জিতে নক-আউটে পৌঁছলো ৫ বারের বিশ্বজয়ীরা। এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) মাঠে ফিরলেন নেইমারও। ঝুঁকি না নিয়ে অল্প কিছুক্ষণের জন্য তাকে নামিয়েছিলেন কোচ কার্লো আনসেলোত্তি। নিজের সেরা ফর্মে না থাকলেও সুস্থ সবল দেখিয়েছে ব্রাজিলিয়ান মহাতারকাকে।
তবে এদিন আবারও যাবতীয় পাদপ্রদীপের আলো নিজের দিকে ঘুরিয়ে নিলেন ভিনিসিয়স। ৭ মিনিট এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তার দুটি গোল ম্যাচের ললাট লিখন স্পষ্ট করে দেয়। এছাড়া তার একটি গোল বাতিলও হয়। সেই নিয়ে রেফারির সঙ্গে তর্কেও জড়াতে দেখা যায় তাকে। তবে অসংখ্য সুযোগ পেয়েও নিজের হ্যাটট্রিক তুলে নিতে ব্যর্থ হন ভিনি।
ম্যাচের শুরুতে স্কটল্যান্ড ডিফেন্সের ভুল থেকে রায়ানের বাড়ানো বল কুড়িয়ে গোলরক্ষককে এড়িয়ে বল জালে জড়িয়েছিলেন ভিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুরন্ত হেডে ২-০ করেন এই তারকা লেফট উইঙ্গার। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্রুনো গুইমারেসের ঠিকানা লেখা পাস ঠান্ডা মাথায় জালে জড়িয়ে ৩-০ করেন ম্যাথিউস কুনহা।
আরও পড়ুন: বদলে গেলো ইতিহাস! বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড রোনাল্ডোর
এদিনের ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি স্কটল্যান্ড। মরক্কোর সাথে পয়েস্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে শীর্ষস্থানে থাকলো ব্রাজিল। রাউন্ড অফ ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান বা সুইডেন হতে চলেছে। তবে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত ব্রাজিল শিবির।
আরও পড়ুন: ২ ম্যাচে ৫ গোল মেসির! আবারও জয় আর্জেন্টিনার, রেকর্ডের নেশায় মেতেছেন LM10
অপরদিকে টানা তিন ম্যাচে ম্যাচের সেরার পুরস্কার জিতলেন ভিনিসিয়স। গোটা টুর্নামেন্টে এখনও অবধি তার নামের পাশে ৪ গোল। তার পায়ের জাদু স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিল ভক্তদের। কিন্তু নক-আউটের লড়াই যে একেবারেই সহজ হবে না, তা জানেন ব্রাজিল কোচ। ফলে দলকে নির্দেশ দিয়েছেন উচ্ছাসে ভেসে না যাওয়ার।













