বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদলের পর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক পরিবর্তন আনা হচ্ছে। বিশ্ববাংলার ‘ব’ লোগো সরানোর পর এবার শীর্ষ সরকারি আধিকারিকদের গাড়ির জন্য নতুন নিয়ম চালু করল নবান্ন (Nabanna)। নতুন নির্দেশ অনুযায়ী, পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন ধরনের বিশেষ পতাকা ব্যবহার করতে হবে আইএএস এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের।
আমলাদের গাড়িতে বিশেষ পতাকা ব্যবহারের নির্দেশ নবান্নের (Nabanna)
নবান্নের (Nabanna) নির্দেশিকায় বলা হয়েছে, কোন আধিকারিক কোন পদে রয়েছেন, তার উপর নির্ভর করবে গাড়িতে কোন ধরনের পতাকা লাগানো হবে। মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব এবং প্রধান সচিবদের গাড়িতে গাঢ় নীল রঙের আয়তাকার পতাকা থাকবে।
সচিব এবং সমমর্যাদার আধিকারিকদের জন্য রাখা হয়েছে দুই খাঁজযুক্ত গাঢ় নীল পতাকা। আবার কমিশনার ও সমমর্যাদার আধিকারিকদের গাড়িতে ব্যবহার করতে হবে ত্রিভুজাকার গাঢ় নীল পতাকা। ডিভিশনাল কমিশনারদের জন্যও আয়তাকার এবং জেলাশাসকদের (ডিএম) জন্য ত্রিভুজাকার পতাকা নির্ধারণ করা হয়েছে।
কখন ব্যবহার করা যাবে এই পতাকা?
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, গাড়ির বনেটের মাঝখানে বা সামনের গ্রিলের নির্দিষ্ট স্ট্যান্ডে পতাকা লাগাতে হবে। তবে শুধুমাত্র সরকারি কাজে গাড়ি ব্যবহার করার সময়ই এই পতাকা রাখা যাবে। যদি সংশ্লিষ্ট আধিকারিক গাড়িতে না থাকেন, তাহলে পতাকা খুলে রাখতে হবে। পাশাপাশি পতাকার সঠিক রক্ষণাবেক্ষণের দিকেও নজর রাখতে বলা হয়েছে।
ট্রাফিক নিয়ম ভাঙলে মিলবে না কোনও ছাড়
নতুন নির্দেশে আরও বলা হয়েছে, গাড়িতে সরকারি পতাকা লাগানো থাকলেও ট্রাফিক আইন ভাঙলে কোনও বিশেষ সুবিধা বা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে না। অর্থাৎ অন্য সাধারণ গাড়ির মতোই আইন মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ বিনামূল্যে চিকিৎসার আড়ালে কী চলছিল? অভিষেকের সেবাশ্রয় নিয়ে সামনে এল চাঞ্চল্যকর দাবি
পতাকা সরবরাহের দায়িত্ব কার?
এই পতাকা এবং পতাকাদণ্ড সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব থাকবে রাজ্যের পরিবহণ দপ্তরের উপর। মুখ্য সচিবের ওএসডি এবং আন্ডার সেক্রেটারির দপ্তর পতাকা বণ্টন ও রক্ষণাবেক্ষণের কাজ দেখবে। এ ছাড়া কোন আধিকারিককে কতগুলি পতাকা দেওয়া হয়েছে, তার তথ্য সংরক্ষণ করা হবে। পরে সেই তথ্য জাতীয় সড়ক পরিবহণ সংস্থা, কলকাতা পুরসভা, পুলিশ ডিরেক্টরেট এবং কলকাতা পুলিশের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে (Nabanna)।













