বাংলা হান্ট ডেস্কঃ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সূচনা হল। এদিন দুপুর ১টা থেকে ১ কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এদিনই আবার ঘোষণা হয়েছে, শীঘ্রই চালু হবে অন্নপূর্ণা যোজনার পোর্টাল (Annapurna Yojana Portal)। সেখানে এই সরকারি প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
অন্নপূর্ণা যোজনার পোর্টাল নিয়ে বিস্তারিত জানালেন মুখ্যসচিব | (Annapurna Yojana Portal)
এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা হয়েছে। এই বিশেষ দিনে রাজ্য সরকারের ঘোষণা, নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে, সেখানে অন্নপূর্ণা যোজনার যাবতীয় তথ্য পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালেও মিলবে বিনামূল্যে চিকিৎসা! ভর্তি হতে কী কী নথি লাগবে জানুন
মুখ্যসচিব জানান, অন্নপূর্ণা যোজনার এই বিশেষ পোর্টালে ঢুকে সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের এলাকায় এই সরকারি প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন। অর্থাৎ উপভোক্তাদের তালিকা জনগণের সামনেই রাখবে রাজ্য সরকার।
একইসঙ্গে মুখ্যসচিব জানান, এই পোর্টালে আপত্তি জানানোর ব্যবস্থাও রয়েছে। কেউ যদি মনে করেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকায় এমন কোনও নাম রয়েছে যিনি এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাহলে সেটা নিয়েও সরাসরি আপত্তি জানাতে পারবেন।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার জানিয়েছেন, প্রথম দফায় ২৭ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করা হয়েছে। এর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তাঁরা ৩ হাজার টাকা করে পেতে চলেছেন বলে খবর।
অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, এটা কোনও ব্যক্তি অথবা দলের নয়, সরকারের টাকা। সেই কারণে উপযুক্ত মানুষই এর সুবিধা পাবেন বলে আমরা বিশ্বাস করি।













