বাংলা হান্ট ডেস্ক : নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ মানুষ কেন্দ্র সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির (Savings scheme) উপরই আস্থা রাখেন। পোস্ট অফিস ও সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তার পাশাপাশি নির্দিষ্ট হারে রিটার্নও পাওয়া যায়। তাই প্রতি ত্রৈমাসিকে এই প্রকল্পগুলির সুদের হার ঘোষণার দিকে নজর থাকে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর। এবার আগামী তিন মাসের জন্য সেই সুদের হার প্রকাশ করল ভারত সরকারের অর্থদপ্তর।
সঞ্চয় প্রকল্পগুলিতে(Savings scheme) কত সুদ দেওয়া হবে ?
কেন্দ্রের অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না। ফলে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে যে হারে সুদ মিলছিল, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও একই হার কার্যকর থাকবে।
বর্তমানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার রয়েছে ৪ শতাংশ। এক বছরের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ, দুই বছরের টাইম ডিপোজিটে ৭ শতাংশ এবং তিন বছরের টাইম ডিপোজিটে ৭.১ শতাংশ সুদ মিলবে। পাঁচ বছরের টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে (RD) ৬.৭ শতাংশ সুদের হার বহাল রাখা হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য চালু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) আগের মতোই ৮.২ শতাংশ সুদ দেওয়া হবে। একইভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও ৮.২ শতাংশ সুদের হার বজায় রাখা হয়েছে। অন্যদিকে, মান্থলি ইনকাম স্কিমে (MIS) সুদের হার ৭.৪ শতাংশ এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) ৭.৭ শতাংশ সুদ মিলবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF)-এর ক্ষেত্রেও সুদের হার ৭.১ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি কিসান বিকাশ পত্রে (KVP) ৭.৫ শতাংশ সুদের হারে বিনিয়োগকারীদের টাকা ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাসে দ্বিগুণ হবে।
PPF-এ বিনিয়োগকারীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য তথ্য যে, টানা ৬ বছর ৬ মাস বা ৭৮ মাস ধরে এই প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। দীর্ঘমেয়াদি সঞ্চয়, কর ছাড়ের সুবিধা এবং নিরাপদ রিটার্নের কারণে এখনও বহু চাকরিজীবী ও সাধারণ মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী।

আরও পড়ুন : কেজি থেকে পিজি অবধি বিনামূল্যে পড়াশোনা! যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের
বিনিয়োগের ক্ষেত্রে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক প্রকল্প নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবীণ নাগরিকদের জন্য SCSS অন্যতম লাভজনক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। যাঁদের কন্যা সন্তান রয়েছে, তাঁদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী সঞ্চয় পরিকল্পনা হতে পারে। আবার অবসরপ্রাপ্ত ব্যক্তি বা মাসিক নির্দিষ্ট আয়ের প্রত্যাশীদের জন্য মান্থলি ইনকাম স্কিম একটি উপযুক্ত বিকল্প। নিজের আর্থিক লক্ষ্য, ভবিষ্যতের পরিকল্পনা এবং সঞ্চয়ের উদ্দেশ্য বিবেচনা করে উপযুক্ত সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।













