বাংলা হান্ট ডেস্কঃ স্টেশনে নোংরা-আবর্জনা ফেললে আর রেহাই নেই। এবার থেকে গুনতে হবে জরিমানা। হাওড়া স্টেশন (Howrah Station) সহ পূর্ব রেলের (Eastern Railway) সকল স্টেশনের পরিচ্ছন্নতা বজায়ে এবার বেশ কিছু অভিনব পদক্ষেপ নেওয়া হল। ইতিমধ্যেই একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। স্টেশনে নোংরা দেখলে এই নম্বরে হোয়্যাটসঅ্যাপ করলে মিলবে বিশেষ সার্টিফিকেট।
স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী পূর্ব রেল | (Eastern Railway)
সম্প্রতি হাওড়া স্টেশনে একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর থেকে শুরু করে রেলের একাধিক উচ্চপদস্থ অফিসার ও কর্মীরা রেলযাত্রীদের সচেতনতা বাড়াতে প্রচারে নামেন। আয়োজিত হয় একটি অভিনব সচেতনতা মিছিল।
আরও পড়ুনঃ বিজেপির শপথগ্রহণে গিয়েছিলেন, এবার প্রসেনজিতের বাড়িতে হাজির শাহ! কী কথা হল?
এই অনুষ্ঠান থেকে পূর্ব রেলের সকল স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ৯০০২০২২৭৮০ হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করা হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানান, কোনও যাত্রী স্টেশনের কোথাও নোংরা-আবর্জনা দেখতে পেলে ছবি ও নির্দিষ্ট জায়গার তথ্য সহযোগে এই নম্বরে হোয়্যাটসঅ্যাপ করতে পারেন। সঙ্গে সঙ্গে রেলের টিম সেই জায়গা পরিষ্কার করে দেবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে সকল যাত্রী স্টেশনে নোংরা দেখতে পেয়ে এই নম্বরে হোয়্যাটসঅ্যাপ করবেন ও রেলকে পরিষ্কার রাখতে সহায়তা করবেন, তাঁদের ডিজিটাল স্বচ্ছতা সার্টিফিকেট দেওয়া হবে। একইসঙ্গে এবার থেকে স্টেশন চত্বরে নোংরা ফেললে জরিমানা গুনতে হবে বলেও জানানো হয়েছে।

পূর্ব রেলের ঘোষণা, এখন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হবে। কাউকে যদি নোংরা-আবর্জনা ফেলতে দেখা যায়, তাহলে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হবে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, রেললাইন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রেলের তরফ থেকে আগেই প্রচার শুরু হয়েছিল। ইতিমধ্যেই তার সুফল পাওয়া যাচ্ছে। রেললাইনে নোংরা ফেলার পরিমাণ যাত্রীরা আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছেন। এবার স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বজায়ে নেওয়া হল আরও একাধিক পদক্ষেপ।













