বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ অগস্ট থেকে কলকাতা-সহ বেশ কিছু এলাকার স্কুলে পড়ুয়াদের দুপুরের খাবার দেওয়ার দায়িত্ব নিতে চলেছে ইসকন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছিল, খাবারের মান কেমন হবে বা পড়ুয়াদের পাতে আগের মতো ডিম থাকবে কি না। এবার সেই বিষয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মিড ডে মিলের দায়িত্বে ইসকন, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
বিকাশ ভবনে শিক্ষা সংক্রান্ত একটি বৈঠকের পর মিড ডে মিল নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী ১ অগস্ট থেকে কলকাতা-সহ রাজ্যের বড় একটি অংশের স্কুলে মিড ডে মিল পৌঁছে দেওয়ার কাজ করবে ইসকন। তিনি আরও বলেন, ইসকন ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবে এবং এর জন্য কিছুটা ভর্তুকিও দেবে।
তবে পড়ুয়াদের খাবারে ডিম থাকবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার করেননি তিনি। এই নিয়ে আরও কয়েকদিন আলোচনা চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এদিকে পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ টাকাও বাড়িয়েছে রাজ্য সরকার। পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য রান্নার খরচ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অতিরিক্ত ৩ টাকা ২২ পয়সার খরচ রাজ্য সরকার বহন করবে। এই নতুন নিয়মও ১ অগস্ট থেকেই চালু হবে।
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, রাজ্যের আগামী প্রজন্মের স্বাস্থ্য ও পুষ্টির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের পাশাপাশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাবারের খরচ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। ১ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি রোগীরা আরও ভালো মানের ও পুষ্টিকর খাবার পাবেন।

আরও পড়ুনঃ আগে দেশের নিরাপত্তা, এয়ারপোর্টের ভেতরে মসজিদ বিতর্কে সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
মিড ডে মিল নিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, “আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন। ১ অগস্টের পর সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।” নতুন এই ব্যবস্থা চালু হওয়ার পর স্কুলের পড়ুয়াদের খাবারের মান ও পরিষেবা কতটা বদলায়, এখন সেটাই দেখার।













