বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পড়ুয়াদের জন্য শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্কলারশিপ (Chief Minister Scholarship)। এটি আগে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত ছিল। রাজ্যের দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই বৃত্তি দেওয়া হয়। এই স্কলারশিপে (Government Scholarship) আবেদনের যোগ্যতা, কী কী নথি লাগে, আবেদনের পদ্ধতি জেনে নিন।
মুখ্যমন্ত্রী স্কলারশিপের খুঁটিনাটি | (Chief Minister Scholarship)
উচ্চশিক্ষার পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় অভাব। সেই কারণে ইচ্ছা থাকলেও মাঝপথে স্কুল কিংবা কলেজ ছেড়ে দিতে বাধ্য হন অনেকে। সেই সমস্ত দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নানা স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার। এমনই একটি নাম হল মুখ্যমন্ত্রী স্কলারশিপ।
আরও পড়ুনঃ রাখির আবহে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই বৃত্তির মাধ্যমে রাজ্যের যে সকল পড়ুয়া আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাঁদের সাহায্য করা হয়। মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে পাঠরত, উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে পাঠরত ও স্নাতক পাশ করে স্নাতকোত্তর স্তরে পাঠরত যোগ্য ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী স্কলারশিপে বছরে ১০ হাজার টাকা করে দেয় সরকার।
মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদনের যোগ্যতা
এই সরকারি স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি রয়েছে। সেগুলি পূরণ হলেই বৃত্তি দেয় সরকার।
১) আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশের বেশি ও ৬০ শতাংশের কম নম্বর থাকতে হবে। ৬০ শতাংশের বেশি নম্বর হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্য হবে।
৩) স্নাতক ও স্নাতকোত্তর (সাম্মানিক বিষয়ে) স্তরে ৫০ শতাংশ থেকে ৫৩ শতাংশের মধ্যে নম্বর পেতে হবে।
৪) আবেদনকারী পড়ুয়ার বার্ষিক আয় ১ লাখ ২০ হাজারের বেশি হলে চলবে না।
৫) আবেদনকারী ছাত্র/ছাত্রীকে রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পর্ষদ ও শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় নথি
এই স্কলারশিপে আবেদনের জন্য কী কী নথি লাগবে দেখে নেওয়া যাক-
১) মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র।
২) শেষ পরীক্ষার রেজাল্ট।
৩) আধার কার্ড।
৪) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক পাসবই।
৫) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৬) পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৭) বিধায়ক/ সাংসদের সুপারিশপত্র ও স্ব-ঘোষণা।
৮) বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি।

মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি
মুখ্যমন্ত্রী স্কলারশিপে বাড়ি বসে অনলাইনে আবেদন করতে পারবে পড়ুয়ারা। এর জন্য সরকারের তরফে চালু করা নতুন ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে।













