বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর সরকারি স্কুলের ইউনিফর্মে (School Uniform) বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই জানা গিয়েছিল, বিশ্ববাংলার লোগো দেওয়া নীল-সাদা পোশাক আর চলবে না। তার পরিবর্তে বিদ্যালয়গুলি পুরনো পোশাকে ফিরে যাবে বলে শোনা যাচ্ছিল। এবার এই নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)।
স্কুল ইউনিফর্ম নিয়ে বড় ঘোষণা | (School Uniform)
তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলের ইউনিফর্মের রং নীল-সাদা করে দেওয়া হয়েছিল। সেই পোশাকে ছিল বিশ্ববাংলার লোগো। বিজেপি ক্ষমতায় আসার পর এই ইউনিফর্মের রং বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রং কী হবে এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনার মাঝেই বড় আপডেট দিলেন স্কুল শিক্ষামন্ত্রী।
আরও পড়ুনঃ মাসে মাসে হাতে আসবে ৭ হাজার টাকা! এলআইসি বিমা সখী স্কিমের আবেদন থেকে যোগ্যতা জানুন
বৃহস্পতিবার বিকাশ ভবনের সাততলায় একটি সাংবাদিক বৈঠক করেন দীপক। সেখানে বেশ কিছু বিষয়ে ঘোষণা করেন তিনি। এর মধ্যে অন্যতম সরকারি স্কুলের ইউনিফর্মের রং।
স্কুল শিক্ষামন্ত্রী জানান, ইউনিফর্মের রং কী হবে সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী এই রং যা খুশি হতে পারে। নীল-সাদা রঙেও কোনও আপত্তি নেই। তবে বিশ্ববাংলার লোগো আর কোথাও ব্যবহার করা যাবে না।

দীপক বলেন, স্কুল ইউনিফর্ম বাছাই করার ক্ষেত্রে আসলে অনেক বিদ্যালয়ের আবেগ ও ইতিহাস জড়িয়ে থাকে। সেই কারণে রং নির্বাচন করার স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের রয়েছে। সেই রং নীল-সাদাও হতে পারে। তবে তাতে বিশ্ববাংলার লোগো থাকলে চলবে না।
প্রসঙ্গত, তৃণমূল আমলে প্রায় গোটা রাজ্য নীল-সাদাময় হয়ে উঠেছিল। সরকারি ভবন থেকে শুরু করে প্রায় সর্বত্র এই দুই রং দেখা যেত। এমনকি স্কুল ইউনিফর্মের রংও নীল-সাদা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর তাতে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্ন, বিকাশ ভবনে গেরুয়ার ছোঁয়া লেগেছে। এবার সরকারি স্কুলের ইউনিফর্মের রং বদল নিয়ে বড় ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী।














