বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে তিন ফরম্যাটেই ভারতীয় দলের (Indian Cricket Team) কোচিংয়ের দায়িত্ব পালন করছেন মহাতারকা গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটার হিসেবে দেশকে দুটি আইসিসি ট্রফি জেতানোর পর এবার কোচ হিসেবেও ঠিক একই কাজ করেছেন তিনি। আসন্ন বছরে তার লক্ষ্য দেশকে ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup) উপহার দেওয়া। কিন্তু তার আগে তার সম্পর্কে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় পেসার শান্তাকুমারণ শ্রীশান্ত (S. Sreesanth)।
নাম না করেই গৌতম গম্ভীরের বিরুদ্ধে তোপ দেগেছেন ২০০৭ ও ২০১১ সালে টি-টোয়েন্টি ও ওডিআই বিশ্বকাপ জয়ী এই তারকা। শুধু তাই নয়, সেইসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উদাহরণ টেনে এনে গম্ভীরকে খোঁচাও মেরেছেন শ্রীশান্ত।

তার মতে এইমুহূর্তে ভারতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার জন্য গৌতম গম্ভীরকে প্রয়োজনই নেই। ভারতীয় দলের ক্রিকেটারদের এইমুহূর্তে একজন মেন্টরকে প্রয়োজন বলে জানিয়েছেন তিনি যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে একটি সিস্টেম তৈরি করে ক্রিকেটারদের সাহায্য করতে পারবেন। গম্ভীরকে খোঁচা মারার ঘটনা শ্রীশান্তের জন্য নতুন কিছু নয়। অতীতেও তার কোচিংয়ের সমালোচনা করেছিলেন এই তারকা পেসার।
আরও পড়ুন: গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার
শ্রীশান্ত বলেছেন, “আমার মনে হয় না একটি নির্দিষ্ট পর্যায়ের পর আন্তর্জাতিক ক্রিকেট দলগুলিতে একজন কোচের প্রয়োজন আছে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলে ক্রিকেটারদের উচিত অভিজ্ঞ সতীর্থদের কাছ থেকে শেখা এবং একজন পরামর্শদাতার নির্দেশ মেনে এগোনো। কোচের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। একজন পরামর্শদাতা কোনো নির্দিষ্ট পদ্ধতি চাপিয়ে দেওয়ার পরিবর্তে খেলোয়াড়দের আত্মবিশ্বাস গড়ে তোলেন। ঠিক এই বিষয়টিই ধোনিকে আলাদা করে তুলেছিল। তিনি খেলোয়াড়দের ওপর আস্থা রাখতেন, তাদের শক্তির জায়গাগুলোকে গুরুত্ব দিতেন এবং তাদের সুযোগ করে দিতেন। ভারতের যদি কখনও কোনো নির্দেশনার প্রয়োজন হয়, তবে ধোনির মতো কাউকে পরামর্শদাতা হিসেবে পাওয়াটা হবে অমূল্য। ভারতের বিপুল প্রতিভার ভাণ্ডারকে কাজে লাগানোর ক্ষেত্রে কঠোর কোচিং পদ্ধতির চেয়ে সঠিক পরামর্শদান বা মেন্টরশিপ অনেক বেশি সাফল্য বয়ে আনতে পারে।”
আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার
নিজের বক্তব্যে প্রচ্ছন্ন ভাবে হলেও ভারতীয় দলের সাথে ধোনির উপস্থিতি দাবি করেছেন শ্রীশান্ত। কিন্তু অতীতে এই বিষয়টির বাস্তবিক প্রয়োগ করে দেখেছে বিসিসিআই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন মেন্টর ধোনি। কিন্তু সেই টুর্নামেন্টে গ্রূপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল।

















