পেয়েছেন ব্রিটেনের নাগরিকত্ব! IPL-এ খেলার জন্য পাকিস্তান ত্যাগ করলেন এই তারকা পাক খেলোয়াড়?

Published on:

Published on:

Did this player leave Pakistan to play in Indian Premier League?
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে T20 ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মেগা টুর্নামেন্ট হিসাবে বিবেচিত হয় IPL (Indian Premier League)। তবে, ২৬/১১-র হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের ক্রিকেটাররা IPL-এ অংশগ্রহণ করতে পারেন না। এই আবহে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন তারকা ফাস্ট বোলার মহম্মদ আমির (Mohammad Amir) IPL-এ তাঁর খেলার বিষয়ে শুরু হওয়া জল্পনার প্রসঙ্গে মুখ খুলেছেন। মহম্মদ আমির জানিয়েছেন যে, তিনি IPL-এ আদৌ অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। এদিকে, ইতিমধ্যেই তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। যার পরে মহম্মদ আমিরের IPL-এ অংশগ্রহণ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। তবে, ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট চলাকালীন আমির নিশ্চিত করেছেন যে, তিনি ২০২৭ মরশুম থেকে বিদেশি খেলোয়াড় হিসাবে পাকিস্তান সুপার লিগ তথা PSL-এ খেলবেন। পাশাপাশি, তিনি IPL নিয়েও নির্দিষ্টভাবে কোনও মন্তব্য করেননি। জানিয়ে রাখি যে, আমির ‘দ্য হান্ড্রেড’-এ ট্রেন্ট রকেটস দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এদিকে, তিনি ইতিমধ্যেই পাকিস্তান ত্যাগ করে ব্রিটেনে পাড়ি দিয়েছেন বলেও জানা গিয়েছে।

কী জানিয়েছেন মহম্মদ আমির (Mohammad Amir)?

ইতিমধ্যেই তিনি বলেছেন যে, ‘আমি ২০২৭ সালে PSL-এ বিদেশি খেলোয়াড় হিসাবে খেলব। IPL-এর ব্যাপারে বলতে গেলে, আমি এতে অংশ নেব কি না, তা এখনও জানি না।’ এদিকে, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি কেরিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই পদক্ষেপটি ঘরোয়া T20 প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণের যোগ্যতায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। আমির সম্প্রতি T20 ব্লাস্টের জন্য স্থানীয় খেলোয়াড় হিসাবে নটিংহ্যামশায়ারের দল নটস আউটলসে যোগ দেন এবং পরে ‘দ্য হান্ড্রেড’-এ একই ভূমিকায় ট্রেন্ট রকেটসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এর মানে হল, তিনি এখন আর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড় কোটার আওতায় পড়বেন না।

Did this player leave Pakistan to play in Indian Premier League?
পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্ট বোলার মহম্মদ আমির

কীভাবে ব্রিটেনের নাগরিকত্ব পেলেন: উল্লেখ্য যে, আমির তাঁর স্ত্রী নারজিস খানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। নারজিস নিজেও একজন ব্রিটিশ নাগরিক। প্রয়োজনীয় আইনি ও বসবাসের শর্ত পূরণ করার পর, পাকিস্তানের এই প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার এখন IPL-সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্রিটিশ ওভারসিজ প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করার যোগ্যতা অর্জন করেছেন।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত RBI-র, রেপো রেটের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা গভর্নরের! EMI-র ওপর পড়বে কী প্রভাব?

এদিকে, আমিরের এই পদক্ষেপ তাঁর জন্য IPL-এ খেলার দরজা খুলে দিলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এখনও এই প্রসঙ্গে কোনও সিদ্ধান্ত নেননি। বরং, তাঁর বর্তমান মনোযোগ রয়েছ ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওপর। যার পরে তিনি পাকিস্তানের প্রধান T20 টুর্নামেন্টে ফিরবেন। সেখানে, মহম্মদ আমিরকে তাঁর ব্রিটিশ নাগরিকত্বের কারণে, ঘরোয়া খেলোয়াড়ের পরিবর্তে বিদেশি খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত ভারতের, বাড়ানো হল অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ, মোক্ষম ঝটকা পাবে চিন-জাপান-অস্ট্রেলিয়া

২০২৪ সালে নেন অবসর: জানিয়ে রাখি যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের পর মহম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। যার মাধ্যমে তাঁর পাকিস্তান দলের হয়ে কেরিয়ারের সমাপ্তি ঘটে। তিনি ৩৬ টি টেস্ট, ৬১ টি ODI এবং ৬২ টি T20 খেলেছেন। তবে, তিনি তাঁর কেরিয়ারে চাঞ্চল্যকর ঘটনাও ঘটিয়েছেন। স্পট-ফিক্সিং করার কারণে ICC তাঁকে ৫ বছরের জন্য ব্যান করে। তারপরেও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। মহম্মদ আমির বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম দক্ষ বাঁ-হাতি ফাস্ট বোলার হিসাবে বিবেচিত হন। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি সার্কিটেও তিনি একজন অত্যন্ত কাঙ্ক্ষিত খেলোয়াড়।