বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) দূরপাল্লার ট্রেনে সফরের সময় যাত্রীদের আরামের জন্য একাধিক সুবিধা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম হল বেড-রোল পরিষেবা। তবে এই পরিষেবা সব যাত্রীর জন্য একই রকম নয়। কোন শ্রেণির যাত্রী বিনামূল্যে চাদর-কম্বল পাবেন, কারা নির্দিষ্ট ফি দিয়ে এই সুবিধা নিতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হবে—এসব নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। তাই ট্রেনে যাত্রার আগে এই নিয়মগুলি জেনে রাখা জরুরি।
রেল (Indian Railways) বালিশ কম্বলের জন্য কত টাকা নেয় ?
বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের অধিকারী ভারতীয় রেল। প্রতিদিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবার উপর নির্ভর করেন। এত বিশাল পরিষেবা নির্বিঘ্নে পরিচালনা করতে কয়েক লক্ষ কর্মী দিনরাত কাজ করেন। যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে সময়ে সময়েই বিভিন্ন নিয়ম ও পরিষেবা চালু করে রেল কর্তৃপক্ষ।
বেড-রোল পরিষেবাও সেই উদ্যোগগুলির অন্যতম, যার ফলে যাত্রীদের বাড়ি থেকে চাদর, কম্বল বা বালিশ বহন করার প্রয়োজন অনেকটাই কমে যায়। বর্তমানে সমস্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে বেড-রোল সরবরাহ করা হয়। পাশাপাশি পরীক্ষামূলকভাবে কিছু নির্দিষ্ট স্লিপার কোচেও এই পরিষেবা চালু হয়েছে। এই সুবিধাটি ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু করা হয়েছে।
এসি শ্রেণির যাত্রীদের দেওয়া বেড-রোলে সাধারণত প্রয়োজনীয় সমস্ত সামগ্রীই থাকে। একটি প্যাকেটে একটি কম্বল, একটি বালিশ, দুটি পরিষ্কার বিছানার চাদর এবং একটি তোয়ালে দেওয়া হয়। এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ারে যাত্রাকারীরা এই সুবিধা পান। নির্দিষ্ট স্লিপার কোচে যাত্রীদের জন্যেও চাদর, বালিশ এবং বালিশের কভার সরবরাহ করা হয়।
অনেকেই মনে করেন বেড-রোলের জন্য আলাদা অর্থ দিতে হয়। কিন্তু বাস্তবে তা নয়। এসি ফাস্ট ক্লাস, এসি ২-টায়ার স্লিপার এবং এসি ৩-টায়ার স্লিপার ক্লাসে যাতায়াতকারী সমস্ত যাত্রীদের বিনামূল্যে বেড-রোলের সুবিধা দেওয়া হয়-এমনকি টিকিট আরএসি হলেও এটি পাওয়া যায়। কারণ এই পরিষেবার খরচ আগেই টিকিটের মূল্যের সঙ্গে যোগ করা থাকে। তাই এসি কোচের যাত্রীদের আলাদা করে কোনও অর্থ প্রদান করতে হয় না।
শুধু এসি নয়, স্লিপার কোচের যাত্রীরাও চাইলে বেড-রোল ব্যবহার করতে পারেন। তবে এর জন্য আগে থেকেই আবেদন জানাতে হবে। টিকিট সংরক্ষণের সময় নির্ধারিত বিকল্প নির্বাচন করলে বা রেলের নিয়ম অনুযায়ী অনুরোধ করলে যাত্রীরা এই পরিষেবা পেতে পারেন। তবে এই ক্ষেত্রে পরিষেবাটি বিনামূল্যে নয় এবং নির্দিষ্ট চার্জ প্রযোজ্য।

আরও পড়ুন : মহিলাদের জন্য সুখবর, এবার মাত্র ৩৯ টাকায় ৩টি রুটে এসি শাটল পরিষেবা চালু Yatri Sathi-র
স্লিপার কোচে বেড-রোলের মূল্য ট্রেন বিশেষে আলাদা হতে পারে। দুরন্ত এক্সপ্রেসে একটি বেড-রোলের জন্য ২৫ টাকা নেওয়া হয়। গরিব রথ এক্সপ্রেসেও একই হারে অর্থ দিতে হয়। এছাড়া অন্য কিছু ট্রেনে শুধুমাত্র চাদরের জন্য ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত এবং সম্পূর্ণ বেড-রোল সেটের জন্য সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত নেওয়া হতে পারে। দূরপাল্লার ট্রেনে আরামদায়ক ভ্রমণের জন্য বেড-রোল পরিষেবা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সুবিধা।তবে কোন কোচে এই সুবিধা বিনামূল্যে মিলবে আর কোথায় অতিরিক্ত খরচ করতে হবে, তা আগে থেকেই জেনে রাখলে সফরের সময় কোনও অসুবিধায় পড়তে হবে না। তাই টিকিট বুকিংয়ের সময়ই প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করে নিলে যাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নির্ভার।













