বাংলাহান্ট ডেস্ক: ঝড়বৃষ্টির ডবল ডোজ চলছে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। অসমের দিকেও রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্তের জেরে বর্ষা অ্যাক্টিভ। সেই কারণেই জোর বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। রবিবার অবদি টানা বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কম-বেশি। আগামিকাল, শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিলে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। বিকেলের পর বাড়তে পারে বর্ষণ। সাথে ঘনঘন বাজ পড়ার আশঙ্কা। এদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে কোথাও কোথাও।
শনিবারও মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। তবে ভারী বর্ষণের সতর্কতা নেই। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। হলুদ সতর্কতা থাকছে এই দুই জেলায়। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই কম-বেশি ভিজবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি নেই।

আরও পড়ুন: DA নিয়ে চর্চার মাঝেই HRA নিয়ে বিরাট আপডেট! সরকারি কর্মীদের বড় নিয়ম স্পষ্ট করল কেন্দ্র
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ৩০-৪০ আবার কোথাও আরও জোরে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গেও।













