বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিস্তর চর্চা-আলোচনা চলছে। এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে এই নিয়ে জল্পনা অব্যাহত। এর মাঝেই বাড়ি ভাড়া ভাতা তথা হাউস রেন্ট অ্যালাওয়েন্স (House Rent Allowance) নিয়ে বড় নিয়ম স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার (Central Government)।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর | (House Rent Allowance)
রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি হাউস রেন্ট অ্যালাওয়েন্স (এইচআরএ) সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে এক লিখিত জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এই ভাতার আসল উদ্দেশ্য হল যেসব সরকারি কর্মীরা সরকারি আবাসন পাননি, তাঁদের বাড়ি ভাড়ার অতিরিক্ত খরচে সাহায্য করা।
আরও পড়ুনঃ সব বেসরকারি হাসপাতালেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়? ভর্তির আগে সঠিক নিয়ম জানুন
সেই কারণে স্বামী-স্ত্রী দু’জনেই যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন এবং তাঁরা একই শহরে কর্মরত থাকেন, তাহলে তাঁদের মধ্যে একজন সরকারি আবাসন পেলে আরেকজন বাড়ি ভাড়া ভাতা পাবেন না। বর্তমান এই নিয়ম বদলের কোনও প্রস্তাব আপাতত বিবেচনা করছে না সরকার।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, কোনও দম্পতি যদি একই শহরে চাকরি করেন, সেক্ষেত্রে একজন সরকারি আবাসন পেলে সম্পূর্ণ পরিবারকেই ‘সরকারি আবাসনপ্রাপ্ত’ হিসেবে গণ্য করা হয়। ফলে ওই পরিবারটির আলাদা করে বাড়ি ভাড়া নেওয়ার দরকার পড়ে না। তাই আরেকজনের বাড়ি ভাড়ার জন্য আলাদা খরচ হচ্ছে বলে ধরা যায় না।
সাংসদ সুমিত্রা বাল্মীকি জানতে চেয়েছিলেন, বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত এই নীতি সরকারি কর্মীদের জন্য আরও ন্যায়সঙ্গত করার জন্য সরকার কি কোনও বদলের কথা ভাবছে? তাতেই কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

পঙ্কজ স্পষ্ট জানান, HRA কোনও আর্থিক ভাতা অথবা অতিরিক্ত বোনাস নয়। এটি মূলত নিজেদের খরচে থাকা কর্মচারীদের খরচের আংশিক ক্ষতিপূরণ। তিনি বলেন, এই নিয়ে সরকারের কাছে কোনও প্রস্তাব অথবা দরখাস্ত জমা পড়েনি। ফলে বর্তমান নিয়ম পুনর্বিবেচনা করার কোনও পরিকল্পনা আপাতত নেই।
সময় যত এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে চর্চা জোরালো হচ্ছে। এর মাঝেই বাড়ি ভাড়া ভাতা নিয়ে বড় নিয়ম স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার।













