বাংলা হান্ট ডেস্কঃ কৃষ্ণনগর স্টেশনে নেমে এসি গাড়িতে চেপে সোজা মায়াপুর (Krishnanagar-Mayapur Free Car)। শুনতে অবাক লাগছে? এবার এমনই উদ্যোগ নিয়েছে নদিয়া জেলা প্রশাসন। কৃষ্ণনগর থেকে সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি করে মায়াপুর (Mayapur) যাওয়ার সুযোগ কারা পাবেন? কেন এমন অভিনব উদ্যোগ নেওয়া হল? জেনে নেওয়া যাক।
কৃষ্ণনগর থেকে মায়াপুর ফ্রি এসি গাড়ি | (Krishnanagar-Mayapur Free Car)
রাজ্য জুড়ে জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে। সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কৃষ্ণনগরের জেলাশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই সেনসাস ফ্রি রাইড পরিষেবা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ স্কুলে মোবাইল ব্যবহার অতীত! এবার কড়াকড়ির পথে মধ্যশিক্ষা পর্ষদ, জারি বিজ্ঞপ্তি
এই বিষয়ে জেলাশাসক ড. শ্রীকান্ত পাল্লি জানান, “জনগণনা বা সেনসাস শুধুমাত্র একটি প্রশাসনিক পরিসংখ্যানিক প্রক্রিয়া নয়। এটি দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল ভিত্তি। সেই কারণে প্রত্যেক নাগরিকের সঠিক তথ্য অন্তর্ভুক্ত হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জনগণের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।“
জনগণনার আবহে নদিয়া জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, একদিকে সাধারণ মানুষকে বিনামূল্যে পরিবহণের সুবিধা দেওয়া ও সেই সঙ্গেই আসন্ন জনগণনা নিয়ে সঠিক এবং ব্যাপক প্রচার চালানো। জেলাশাসক জানিয়েছেন, এই অভিনব কর্মসূচির অধীন জেলা জুড়ে আরও একাধিক সাজানো টোটো, ই-রিকশা চলাচল করবে। এই যানবাহনগুলিতে সবসময় সচেতনতামূলক ব্যানার ও লিফলেট টাঙানো থাকবে। ফলে সাধারণ মানুষ জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বন্ধে জানতে পারবেন। পাশাপাশি এই গাড়িগুলিতে যাতায়াতের জন্য কোনও টাকাও দিতে হবে না।

প্রশাসন সূত্রে খবর, ৭ আগস্ট থেকে আগামী ১৪ আগস্ট অবধি এই গাড়িগুলি চলবে। এই অভিনব উদ্যোগের মাধ্যমে জেলার শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল অবধি জনগণনা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই অভিনব উদ্যোগের অংশ হিসেবেই কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর অবধি ফ্রি এসি গাড়িতে যেতে পারবেন সাধারণ মানুষ।













