বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগাস্ট মাসের কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। তৃতীয় দফায় ৩ হাজার টাকা করে পাবেন বাংলার ১ কোটি ৪৫ লক্ষ মহিলা। বাদ গিয়েছে ১৭ লক্ষ আবেদন। এরপর থেকেই অনেকের প্রশ্ন, কী কী কারণে এই আবেদনগুলি বাতিল করা হল? এবার এই নিয়েই সামনে আসছে বড় আপডেট।
অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিলের কারণ | (Annapurna Yojana)
গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা। কেন এত আবেদন বাতিল হয়েছে সেই বিষয়েও জানিয়েছে রাজ্য।
আরও পড়ুনঃ বকেয়া DA-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে! সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, পাল্টা বিরাট দাবি সরকারি কর্মীদের
নবান্নের দাবি, বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ খুঁজে পাওয়া যায়নি। ১৭ লক্ষের মধ্যে অন্তত ১০ লক্ষ আবেদন এই কারণে বাতিল করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারী হওয়ার কারণে ও আয়কর দেওয়ার জন্যেও বেশ কিছু আবেদন বাতিল হয়েছে।
অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। শুরু থেকেই বলা হয়েছে, এই শর্তগুলি পূরণ না হলে টাকা পাওয়া যাবে না। এর মধ্যে পারিবারিক আয়, জমির পরিমাণ সহ বেশ কিছু বিষয় রয়েছে। এইসব শর্ত পূরণ না হওয়াতেও বহু আবেদন বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে যাদের নাম বাদ পড়েছে, তাঁরা ফের অন্নপূর্ণা যোজনায় আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। এর জন্য নির্দিষ্ট পোর্টালে সোশ্যাল রেজিস্টার অপশনে গিয়ে ফের আবেদন করতে হবে। বর্তমানে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২০ অগাস্ট থেকে ফের আবেদন করা যাবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।













