বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল। সম্প্রতি ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে জারি হওয়া সকল জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। এই মর্মে গত ১৪ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। এবার সেই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কাস্ট সার্টিফিকেট নিয়ে বিরাট সিদ্ধান্ত হাইকোর্টের | (Caste Certificate)
১৪ মে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১১ সালের পর থেকে রাজ্যে যত এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেগুলি ফের যাচাই করতে হবে। কাস্ট সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হলে বাতিল করার কথাও জানিয়েছিল রাজ্য সরকার। এরপর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা শুধু নয়! এই প্রকল্পেও বছরে মিলবে ৩৬ হাজার টাকা, কারা পাবেন জানুন
মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, শংসাপত্র বাতিল করার মতো কোনও ক্ষমতা রাজ্যের নেই। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সুরজিৎ নাথ মিত্র আদালতে দাবি করেন, আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথি ও জাতিগত পারিবারিক বিষয় যাচাই করে এই ধরণের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য।
উভয়পক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, গত মে মাসে রাজ্যের তরফে জারি করা কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হচ্ছে। মামলার নিষ্পত্তি না হওয়া অবধি SC, ST ও OBC-দের ক্ষেত্রে কোনও রকম যাচাই করা যাবে না।

একইসঙ্গে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, রাজ্যের কাছে যদি এই সংক্রান্ত কোনও অভিযোগ আসে, তাহলে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা যাচাই করে সিদ্ধান্ত নিতে পারবেন। এক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়ে দিয়েছে উচ্চ আদালত।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রশাসনিক কড়াকড়ি শুরু হয়েছে। ভুয়ো শংসাপত্র বাতিল করতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। গত মে মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ক নির্দেশও দেওয়া হয়েছিল। এবার সেই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।













