বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) মতো ক্রিকেটারকে ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ দেওয়া উচিত, কিছুদিন আগে এমনই দাবি করছিল কিছু ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তাদের সঙ্গে একমত ছিলেন না। আর তার দাবি যে সত্যি তা রবিবার দলীপ ট্রফির (Duleep Trophy 2026) কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের (East Zone) ম্যাচে প্রমাণিত হলো।
এদিন কোয়ার্টার ফাইনালে নর্থ-ইস্ট জোনের মুখোমুখি হয়েছিল পূর্বাঞ্চল। এই দলের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন বৈভব সূর্যবংশী। পূর্বাঞ্চল প্রথম দিনে ব্যাটিং পাওয়ায় তিনি ব্যাট হাতে ওপেন করতে নামেন। আইপিএল বা ভারতীয় টি-টোয়েন্টি দলে তিনি যে মেজাজে ব্যাটিং করেন, সেই মেজাজেই এদিনও শুরু করেছিলেন তিনি।

কিন্তু তার ইনিংস দীর্ঘায়িত হলো না। ৬ বলে ৮ রান করে তিনি ড্রেসিংরুমে ফেরেন এদিন। বিশ্বরজিত কন্থৌজামের বলে পরপর দুটি কভার ড্রাইভে ৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু এরপরের বলটি হালকা পেছনে টানেন বোলার। প্রলুব্ধ হয়ে একইরকম ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হন ১৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষ, এবার কি তবে কোচিংয়ের দিকে এগোচ্ছেন ধোনি? সামনে এলো বড় আপডেট
তাকে টেস্ট দলে সুযোগ দেওয়ার ব্যাপারে ধীরে চলো নীতি অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন দ্রাবিড়। তিনি সরাসরি জানিয়েছিলেন যে বৈভবের প্রতিভা নিয়ে তার সন্দেহ নেই। কিন্তু সীমিত ওভারের ক্রিকেট আর লাল বলের ক্রিকেটের মধ্যে অনেক তফাৎ। এই ফরম্যাটে আরও অভিজ্ঞতা সঞ্চয় করলে তবেই জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত বৈভবকে, এমনটাই পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কোচ।
আরও পড়ুন: ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার
ভারতীয় দলের হয়ে গত মাসেই টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে বৈভবের। তিনি ইংল্যান্ড সফরে ভালো শুরু করেও ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু জিম্বাবোয়ে সফরে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি কোনও আন্তর্জাতিক সিরিজে ম্যাচের সেরার পুরস্কার জেতেন। তবে এখনই ভারতের হয়ে টেস্ট জার্সি পাওয়ার সম্ভাবনা নেই তার।













