বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে অষ্টম পে কমিশনের (8th Pay Commission) অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। নয়া পে কমিশন কবে থেকে কার্যকর হবে, কার্যকর হলে বেতন কতটা বাড়বে, এইসব নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এদিকে কমিশনের বৈঠকও চলছে। কর্মীরা তাঁদের নানা দাবি কমিশনের কাছে তুলে ধরছেন। এই আবহে অষ্টম পে কমিশনে ইনক্রিমেন্ট ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সামনে এল বড় আপডেট।
অষ্টম পে কমিশনে মালামাল হতে পারেন সরকারি কর্মীরা | (8th Pay Commission)
অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশনের মতো বেশ কিছু কর্মী সংগঠনের তরফে অষ্টম পে কমিশনে বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্টের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ নিয়ম মেনে ক্ষতিপূরণ দিতেই হবে! দুর্ঘটনায় আর্থিক সাহায্য নিয়ে রেলকে বিরাট নির্দেশ হাইকোর্টের
এছাড়া ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন ও অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের মতো সংগঠনের তরফে বার্ষিক ৬ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি রাখা হয়েছে। এই পরিস্থিতিতে অষ্টম পে কমিশনে যদি ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয় ও বার্ষিক ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট হয় তাহলে তিন বছরে একজন সরকারি কর্মচারী বেতন কতটা বাড়তে পারে সহজ হিসাবে জেনে নিন।
অষ্টম পে কমিশনে যদি ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাক্কায় দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে কারোর মূল বেতন ১৮ হাজার টাকা হলে তা বেড়ে ৩৬ হাজার টাকা হয়ে যাবে। একইরকমভাবে ২৫,৫০০ টাকা বেতন হলে তা বেড়ে ৫১ হাজার টাকা হয়ে যাবে।
এবার ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট হলে তিন বছরে বেতন কতটা বাড়বে সেই হিসাবও বুঝে নেওয়া যাক। ধরা যাক, বর্তমানে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন ১৮ হাজার টাকা। এবার ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেতন বেড়ে দাঁড়াবে ৩৬ হাজার টাকা। এর সঙ্গে ডিএ, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা যোগ করার পর মোট বেতন যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে ৭ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট অনুযায়ী প্রথমে বছরে তাঁর বেতন হবে ৫৩ হাজার ৫০০ টাকা।

দ্বিতীয় বছরে ৫৩,৫০০ টাকার সঙ্গে ৭ শতাংশ ইনক্রিমেন্ট যোগ করে হবে ৫৭,২৪৫ টাকা। তৃতীয় বছরে ৫৭,২৪৫ টাকার সঙ্গে আরও ৭ শতাংশ ইনক্রিমেন্ট যোগ করে হবে ৬১,২৫২.১৭ টাকা। অর্থাৎ তিন বছরের মধ্যেই সংশ্লিষ্ট কর্মচারীর মূল বেতন প্রায় ১১ হাজার টাকার বেশি বেড়ে যাবে।
যদিও অষ্টম পে কমিশনে সত্যিই ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর ও বার্ষিক ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট মিলবে কিনা তা অফিশিয়াল ঘোষণার পরেই পরিষ্কার হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেটার অপেক্ষা করতে হবে।













