বাংলা হান্ট ডেস্কঃ রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা হয়েছিল। এবার সেই মামলায় বড় রায় দিলেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। তাঁর পর্যবেক্ষণ, দুর্ঘটনার পর কঠিন পরিস্থিতিতে টিকিট নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া কোনও অস্বাভাবিক বিষয় নয়। সেই কারণে শুধুমাত্র টিকিট না পাওয়ার যুক্তিতে ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না রেল (Indian Railways) কর্তৃপক্ষ।
হাইকোর্টের রায়ে প্রশস্ত হল ক্ষতিপূরণ পাওয়ার পথ | (Calcutta High Court)
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি মামলা হয়। সেই মামলার শুনানিতেই তাৎপর্যপূর্ণ রায় দেন বিচারপতি চৌধুরী।
আরও পড়ুনঃ ৬০ হলেই বাস ভাড়া ফ্রি, দিতে হবে না কোনও টাকা! মহিলাদের জন্য নতুন প্রকল্প বিজেপি সরকারের
এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, মৃত যাত্রীর কাছ থেকে কোনও টিকিট উদ্ধার হয়নি বলেই তিনি বিনা টিকিটে সফর করছিলেন এমন সিদ্ধান্তে আসা যায় না। দুর্ঘটনা পরবর্তী সময়ে টিকিট নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া স্বাভাবিক। সেই কারণে শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি এই যুক্তি দেখিয়ে ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না রেল কর্তৃপক্ষ।
বিচারপতি চৌধুরী বলেন, ওই যাত্রী বৈধ টিকিটে সফর করছিলেন কিনা, সেটা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ থেকেও বিচার করতে হবে। এরপর রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালের দেওয়া আগের রায় খারিজ করে দিয়ে হাইকোর্টের নির্দেশ, যথাযথ নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য সংক্রান্ত এই মামলায় কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আইনজীবী মহল মনে করছে, এই রায়ের ফলে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ পাওয়ার রাস্তা আরও প্রশস্ত হল। এতে বহু পরিবারের সুরাহা হতে পারে বলে মনে করছেন অনেকে।













