বাংলাহান্ট ডেস্ক : বুকে ভয় ধরাচ্ছে নেপালের একের পর এক ধ্বংসের ছবি। চিন সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় হড়পা বানের তাণ্ডবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা তাতে আবারও প্রমাণ হয়ে যাচ্ছে, যুগ যতই আধুনিক হোক না কেন, প্রকৃতির রুদ্ররোষের সামনে মানুষ আজও অসহায়। বহু ভারতীয় আটকা পড়েছেন নেপালে। অনেকে নিখোঁজ। নতুন বাংলার ছবির শুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ও (Kharaj Mukherjee)। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও।
নেপালে শুটিং করতে গিয়ে আটকে খরাজ (Kharaj Mukherjee)
নেপালের বিপর্যয়ে যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন। এদেশে থাকা প্রিয়জনেরা অবিরত চেষ্টা করছেন নিখোঁজদের সঙ্গে যোগাযোগ করার। তবে খরাজ-পুত্র তমোঘ্ন মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিনেতা ও তাঁর স্ত্রী দুজনেই ভালো আছেন। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

কী জানালেন পুত্র: তিনি আরও বলেন, বাবার সঙ্গে তাঁর কথা হয়েছে। মা-ও সঙ্গে রয়েছেন। যেখানে বিপর্যয় হয়েছে সেখান থেকে অনেকটাই দূরে রয়েছে তাঁরা। তবে বিপর্যয়ের জেরে যানবাহন, বিমান চলাচল ব্যাহত হয়েছে। তাই তাঁদের ফিরতে দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত ফিরে আসবেন তাঁরা।
আরও পড়ুন : চকচক করলেই ভালো নয়, মাছে ফর্মালিন মেশানো নেই তো? বুঝবেন কীভাবে?
কেমন আছেন অভিনেতা: জানা গিয়েছে, নতুন বাংলা ছবি ‘শিকার’ এর শুটিংয়ে নেপালে গিয়েছেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। সেখানে গিয়েই আচমকা এই পরিস্থিতি। বুধবার অবশ্য অভিনেতা জানান, তিনি নিরাপদে রয়েছেন। সব ঠিকঠাক রয়েছে। চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন : এবার একসঙ্গে কাটা যাবে ১ লক্ষ টিকিট! সিস্টেমে আমূল বদল আনছে IRCTC
নেপালের এই বিপর্যয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। বহু ভারতীয় সহ অনেক বিদেশি পর্যটকও আটকে পড়েছেন সেখানে। বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ।













