বাংলা হান্ট ডেস্কঃ জুন থেকে সরকারি বাসে বাংলার মহিলাদের যাতায়াত ফ্রি (Free Bus Service) করে দিয়েছে রাজ্য সরকার। গত ১ অগাস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড (Pink Card) চালু হয়েছে। তবে এখনও এমন অনেকে আছেন যাদের এই কার্ড নেই। সেক্ষেত্রে বহু মহিলার প্রশ্ন, পিঙ্ক কার্ড না থাকলে সেপ্টেম্বর থেকে কি ফ্রি বাস পরিষেবা বন্ধ? সরকারি বাসে ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে? এক্ষেত্রে রাজ্যের তরফে কী জানা যাচ্ছে জেনে নিন।
পিঙ্ক কার্ড না থাকলে ফ্রি বাস পরিষেবা বন্ধ? | (Free Bus Service)
মহিলাদের ফ্রি বাস পরিষেবার জন্য পিঙ্ক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বাসে উঠে কন্ডাক্টরকে এই কার্ড দেখালে আর ভাড়া দিতে হবে না। তবে এখনও যাদের পিঙ্ক কার্ড নেই, তাঁদের আগামী মাস থেকে ভাড়া দিতে হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি রাজ্য সরকার।
আরও পড়ুনঃ TMCP-র কর্মসূচিতে হাইকোর্টের নির্দেশ অমান্যর অভিযোগ! এবার মমতার বিরুদ্ধে এফআইআর পুলিশের
তবে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, পিঙ্ক কার্ড নিয়ে এখনও নতুন করে কোনও নির্দেশিকা আসেনি। সরকার নতুন করে কিছুই জানায়নি। ফলে এখনও অবধি মহিলারা যে নিয়মে যাতায়াত করছেন আপাতত সেটাই চলতে পারে। অর্থাৎ যাদের কাছে পিঙ্ক কার্ড নেই, তাঁরা সেপ্টেম্বরেও ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে ফ্রি বাস পরিষেবার সুবিধা নিতে পারবেন। তবে রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলে পরিস্থিতি বদলে যেতে পারে।
এদিকে অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ড বানানো যায়। অনলাইনের ক্ষেত্রে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন জানাতে হবে এবং অফলাইনের ক্ষেত্রে গ্রামাঞ্চলের বাসিন্দারা বিডিও অফিস ও পুর এলাকার বাসিন্দারা পৌর অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন। সরকারি আধিকারিকরা যাবতীয় তথ্য, নথি খতিয়ে দেখে অনুমোদন দিলে কার্ড ইস্যু করা হবে।

রাজ্যে পালাবদলের পর এই ফ্রি বাস পরিষেবা চালু হওয়ায় বহু মহিলা উপকৃত হয়েছেন। শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লা ও এসি বাসেও এই সুবিধা পাওয়া যায়। ফলে অনেকটা অর্থ সাশ্রয় হচ্ছে তাঁদের।













