বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থারও আধুনিকীকরণ হয়েছে। ১০ বছর আগের পড়াশোনা ধরণের সঙ্গে বর্তমান সময়ের পড়াশোনার ধরণে প্রচুর ফারাক রয়েছে। এবার সেই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে অভিনব ব্যবস্থা চালু করল নদিয়ার এক প্রাথমিক বিদ্যালয় (Primary School)। আনুষ্ঠানিকভাবে শুরু করা হল ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (Digital School Management System) ও পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম।
ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা | (Digital School Management System)
সম্প্রতি নদিয়ার শান্তিপুরের কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। সেই সঙ্গেই স্কুল ও অভিভাবকদের সম্পর্ক আরও নিবিড় করতে একটি বিশেষ পেরেন্ট অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রত্যেক পড়ুয়াকে একটি ডিজিটাল স্মার্ট আইকার্ড দেওয়া হবে। স্কুলের ঢোকার সময় ও স্কুল থেকে বেরনোর সময় ওই কার্ড স্ক্যান করলে অভিভাবকদের মোবাইল ফোনে নোটিফিকেশন চলে যাবে। ফলে ঘরে বসেই তাঁরা জানতে পারবেন সন্তান স্কুলে পৌঁছেছে কিনা বা স্কুল থেকে বেরিয়েছে কিনা।
এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অভিভাবকদের কাছে পড়ুয়াদের হোমওয়ার্ক, নানা প্রোজেক্ট, অ্যাসাইনমেন্ট, ছোট পরীক্ষার তথ্য ও রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মোবাইল ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আস্তে আস্তে পড়াশোনার নানা বিষয়ও চালু করা হবে বলে জানিয়েছে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে স্কুলব্যাগে অতিরিক্ত বই-খাতা বহন করার চাপও কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম সেন বলেন, “আমরা নানা সময় নানা ধরণের কার্যক্রমের মাধ্যমে পড়ুয়াদের সার্বিক মানোন্নয়নের চেষ্টা করি। বর্তমানে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে প্রযুক্তি। সেই কারণে ছাত্রছাত্রীদের কাছে প্রযুক্তিকে আরও আকর্ষণীয় করে তোলা ও তাঁরা যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।“

এই ডিজিটাল ব্যবস্থা চালু করার আরও দুই লক্ষ্য হল, পড়ুয়াদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়ন এবং স্কুলের সঙ্গে অভিভাবকদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকই একথা জানিয়েছেন।
পড়ুয়াদের নিরাপত্তার দিকে নজর রেখে কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় এর আগে নিজেদের উদ্যোগে স্কুল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। এবার অভিনব ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ও পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম চালু করল তাঁরা।













