কুণালের চিঠির পরেই অ্যাকশন! ঋতব্রতকে নিয়ে রাজ্যকে বিরাট নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Published on:

Published on:

After Kunal Ghosh letter Union Home Ministry gives big order about Ritabrata Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের রাজ্য সরকারকে যথাযথভাবে খতিয়ে দেখতে হবে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) এক চিঠির প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে একথা জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক নিজে।

ঋতব্রতকে ফের ঝাঁঝালো আক্রমণ কুণালের | (Kunal Ghosh)

এদিন নিজের ফেসবুক পোস্টে ঋতব্রতকে ‘অস্থায়ী বিরোধী দলনেতা’, ‘চাটন’ বলে উল্লেখ করে কুণাল জানান, বালুরঘাটের মহিলার অভিযোগ সহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেই চিঠির গুরুত্ব বিচার করে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে ওই মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কুণালকে তা জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে শাহের মন্ত্রক।

আরও পড়ুনঃ হাইকোর্টে স্বস্তি না পেয়ে সোজা সুপ্রিম কোর্ট! ক্যামাক স্ট্রিট কাণ্ডে বিরাট পদক্ষেপ তৃণমূলের

তৃণমূল বিধায়ক জানান, তাঁর কাছে চিঠি আসছে এই খবর বিশেষ সূত্র মারফত আগেই পেয়েছিলেন। জন্মাষ্টমীর দিন সেই চিঠি হাতে পান। যথাযথ সময়ে এই নিয়ে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

কুণাল লেখেন, “আমি কেস রি-ওপেন করার দাবি রেখেছি। মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে। আশা করি রাজ্য সরকার ওকে (ঋতব্রত) আড়াল করতে যাবে না। গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ নেব।“

তৃণমূল বিধায়ক জানান, অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছিলেন, এই ধরণের ‘পচা মালপত্র’ প্রোমোট করা তাঁদের পক্ষেও খারাপ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করলেই ওই ব্যক্তির বিরুদ্ধে সব তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এই ধারণাও খুব বাজেভাবে ছড়াচ্ছে। এটাও চিঠিতে লিখেছিলেন বলে জানান তিনি।

Kunal Ghosh facebook post .jpg

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর চিঠির গুরুত্ব ও বিষয়বস্তু বিবেচনা করে রাজ্যের মুখ্যসচিবকে লিখিত নির্দেশ পাঠানোয় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কুণাল। পাশাপাশি যারা ঋতব্রতর পাশে রয়েছেন তাঁদের উদ্দেশে তৃণমূল বিধায়কের প্রশ্ন, এই ধরণের মানুষের সঙ্গে থাকবেন? বিবেকে লাগছে না? সবশেষে কুণালের দাবি, পরিস্থিতি সামাল দিতে এবার অন্য বাহানায় দিল্লির বিজেপি নেতাদের দরবারে ভিড় জমাবেন ঋতব্রত।

বিধানসভা ভোটের পর দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমানে দুই আলাদা শিবিরের অংশ। এবার সেই কুণালের চিঠির প্রেক্ষিতেই ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের রাজ্যকে খতিয়ে দেখার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।