বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে বদ্ধপরিকর বিজেপি সরকার। সেই লক্ষ্য সামনে রেখে এবার একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে তিনি জানান, শিক্ষার বিকাশে এবার রাজ্যের জেলায় জেলায় দু’টি করে সিএম শ্রী ইনস্টিটিউট (CM Shri Institute) তৈরি করা হবে। সেখানে অত্যাধুনিক নানা সুযোগ-সুবিধা পাবে ছাত্রছাত্রীরা।
সিএম শ্রী ইনস্টিটিউটে কী কী সুবিধা মিলবে? | (Suvendu Adhikari)
আজ নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই সিএম শ্রী ইনস্টিটিউটের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল স্কুলের মতো রাজ্যের সব জেলায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি করা হবে। সেখানে সেরা মানের শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি স্মার্ট বোর্ড, অত্যাধুনিক ডিজিটাল ল্যাবের মতো সুবিধা থাকবে।
আরও পড়ুনঃ চাল-গমের সঙ্গেই রেশন দোকানে মিলবে আরও নানা নিত্যপ্রয়োজনীয় জিনিস! অভিনব পরিকল্পনা কেন্দ্রের
শুভেন্দু বলেন, “প্রত্যেকটি জেলায় দু’টি করে মুখ্যমন্ত্রী শ্রী তথা সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি করা হবে। জহর নবোদয় বিদ্যালয়ের মতো এই স্কুলগুলিতেও ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি করা হবে। এগুলিকে এক-একটি মডেল স্কুলে পরিণত করা হবে।“
মুখ্যমন্ত্রী আরও জানান, এই সিএম শ্রী ইনস্টিটিউটগুলিতে সেরা মানের শিক্ষক-শিক্ষিকা, স্মার্ট বোর্ড, আধুনিক ডিজিটাল ল্যাবের মতো নানা সুযোগ-সুবিধা থাকবে। সেন্ট্রাল স্কুলের মতো আপাতত সব জেলায় দু’টি করে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ থাকবে এবং ভবিষ্যতে শিক্ষার বিকাশে আরও নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

রাজ্যের জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট তৈরির পাশাপাশি উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে স্পোর্টস ইনস্টিটিউশন তৈরির কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সিলেন্স অফ স্পোর্টস তৈরি করা হবে। সেখানে এসএসসি মাধ্যমে খেলাধূলার শিক্ষকদের নিয়োগ করবে রাজ্য।













