যে সমস্যায় উড়েছিল ঘুম, সেটা কাজে লাগিয়েই শুরু ব্যবসা, আজ ২০০ কোটির ব্র্যান্ড গড়লেন পল্লবী

Published on:

Published on:

Success Story of Pallavi Utagi will amaze you.
Follow

বাংলা হান্ট ডেস্ক: একটি সন্তানের সমস্যা যে একদিন বড় ব্যবসার পথ দেখাতে পারে, মুম্বইয়ের (Mumbai) পল্লবী উটাগীর (Pallavi Utagi) সাফল্যের গল্প (Success Story) তারই উদাহরণ। ছেলের জন্য নিরাপদ, আরামদায়ক এবং ব্যবহারযোগ্য ডায়াপার খুঁজতে গিয়ে বাজারে উপযুক্ত বিকল্পের অভাব বুঝতে পারেন তিনি। সেই ব্যক্তিগত অভিজ্ঞতাই ধীরে ধীরে ব্যবসার ভাবনায় পরিণত হয়। ২০১৮ সালে নিজের সঞ্চয় দিয়ে ‘সুপারবটমস’ নামে স্টার্টআপ শুরু করেন পল্লবী। সেই সময় ভারতে ডিসপোজেবল ডায়াপারের বাজারই ছিল মূলধারায়। তার মধ্যে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ডায়াপার নিয়ে ব্যবসা শুরু করা নিঃসন্দেহে বড় ঝুঁকি ছিল। কিন্তু সেই ঝুঁকিই আজ তাঁকে এনে দিয়েছে ২০ লক্ষেরও বেশি অভিভাবকের আস্থা এবং প্রায় ১০০ কোটি টাকার বার্ষিক আয়।

পল্লবী উটাগীর অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

পল্লবীর শিক্ষাজীবনও যথেষ্ট উল্লেখযোগ্য। পুণের সিওইপি থেকে ইঞ্জিনিয়ারিং করার পর মুম্বইয়ের জেবিআইএমএস থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন তিনি। এরপর ইনফোসিস এবং পিরামল হেলথকেয়ারের মতো সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেন। ২০১৩ সালে মা হওয়ার পরই তাঁর জীবনে আসে সেই অভিজ্ঞতা, যা পরবর্তীকালে ব্যবসার ভিত্তি হয়ে ওঠে। ছেলে কবিরের ডিসপোজেবল ডায়াপার ব্যবহারের পর র‍্যাশ দেখা দিলে তিনি বুঝতে পারেন, শিশুদের জন্য আরও আরামদায়ক ও পুনর্ব্যবহারযোগ্য বিকল্পের প্রয়োজন রয়েছে। সেই ভাবনা থেকেই নিজের বাড়ির একটি ঘরকে ছোট্ট কর্মশালা বানিয়ে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। একটি কার্যকর পণ্য তৈরি করতে তিনি ২০০টিরও বেশি প্রোটোটাইপ পরীক্ষা করেন। ধীরে ধীরে তৈরি হয় ভারতে উৎপাদিত পুনর্ব্যবহারযোগ্য ডায়াপারের নিজস্ব মডেল (Success Story)।

আরও পড়ুন: ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান! ব্রিকস সম্মেলনে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী, কী জানাল ঢাকা?

ব্যবসা দাঁড় করানোর সময় অবশ্য বাধার অভাব ছিল না। পরিবারের সংশয়, গ্রাহকদের পুরনো ধারণা এবং উপযুক্ত সরবরাহকারী খুঁজে পাওয়া—সবকিছুর সঙ্গেই লড়াই করতে হয়েছে পল্লবীকে। তার উপর ২০১৯ সালে এক প্রাক্তন কর্মচারীর বিরুদ্ধে কোম্পানির নকশা ও ব্যবসায়িক কৌশল নিয়ে প্রতিযোগী পণ্য বাজারে আনার অভিযোগ ওঠে। পল্লবী সেই পরিস্থিতিতে দীর্ঘ আইনি লড়াইয়ের বদলে নিজের পণ্যের মান আরও উন্নত করার সিদ্ধান্ত নেন। আরও ভালো পণ্য তৈরি এবং গ্রাহকদের আস্থা ধরে রাখাকেই তিনি অগ্রাধিকার দেন। পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’-র ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় কারিগরদের উন্নত মানের পুনর্ব্যবহারযোগ্য ডায়াপার তৈরির প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

পল্লবীর উদ্যোগের আর একটি উল্লেখযোগ্য দিক হল তাঁর ‘মা-নেতৃত্বাধীন কর্মীদল’। যোগ্য কর্মী নিয়োগের সমস্যা মেটাতে তিনি মাতৃত্বকালীন ছুটি বা কর্মজীবনে বিরতিতে থাকা মায়েদের কাজের সুযোগ দেন। বাড়ি থেকে কাজ এবং নমনীয় কর্মঘণ্টার ব্যবস্থা করে তাঁদের দলে যুক্ত করেন তিনি। তাঁর বিশ্বাস, একজন মা শিশু ও অভিভাবকদের দৈনন্দিন সমস্যা অন্যদের তুলনায় আরও ভালোভাবে বুঝতে পারেন। বর্তমানে গ্রাহক পরিষেবা থেকে শুরু করে সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ কাজ বাড়ি থেকে কর্মরত ২০ জনেরও বেশি মায়ের দল সামলাচ্ছে। ফলে ব্যবসার পাশাপাশি কর্মক্ষেত্রে মায়েদের জন্য নতুন সুযোগ তৈরির একটি মডেলও গড়ে তুলেছেন পল্লবী।

Success Story of Pallavi Utagi will amaze you.

আরও পড়ুন: বিজয় মালিয়ার সম্পত্তি বেচে উদ্ধার ঋণের দ্বিগুণেরও বেশি টাকা! কী জানাল ED?

পুনর্ব্যবহারযোগ্য ডায়াপার দীর্ঘদিন ব্যবহার করা যায় বলে একই গ্রাহকের বারবার কেনাকাটার সুযোগ তুলনামূলক কম—এই ব্যবসায়িক চ্যালেঞ্জও কৌশলে সামলেছেন পল্লবী। শিশুদের বয়স ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে পণ্যের পরিসর বাড়িয়েছে ‘সুপারবটমস’। পটি ট্রেনিং প্যান্ট, বাঁশের অন্তর্বাস, ল্যাংগোটের পাশাপাশি মহিলাদের জন্য পিরিয়ড আন্ডারওয়্যারও যুক্ত হয়েছে তালিকায়। একইসঙ্গে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরে ব্যবসার পরিধি বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে সংস্থাকে ৫০০ কোটি টাকার কোম্পানিতে পরিণত করার লক্ষ্য নিয়েছেন পল্লবী। তাঁর কথায়, নির্দিষ্ট মাসিক আয় ছেড়ে নতুন কিছু শুরু করলে চারপাশ থেকে সংশয় আসবেই। কিন্তু নিজের ভাবনা ও ক্ষমতার উপর বিশ্বাস রাখাই সাফল্যের (Success Story) সবচেয়ে বড় চাবিকাঠি।