বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। ভোটের আগে প্রার্থী বাছাই নিয়ে দীর্ঘ জল্পনার পর অবশেষে নিজেদের প্রার্থীদের নাম প্রকাশ করল বিজেপি (BJP)। নন্দীগ্রাম এবং রেজিনগর—দুই কেন্দ্রেই সংগঠনের পরিচিত মুখকে সামনে রেখে ভোটের ময়দানে নামছে গেরুয়া শিবির।
রেজিনগরে বিজেপি (BJP) প্রার্থী কে ?
নন্দীগ্রামে বিজেপির হয়ে লড়বেন হাসি রানি রথ। তাঁর প্রার্থী হওয়া নিয়ে অবশ্য কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। আনুষ্ঠানিক ঘোষণার আগেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তাঁর নামে পোস্টার দেখা যায়। সেই থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, আসন্ন উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করার পথে এগোচ্ছে দল। এবার বিজেপির কেন্দ্রীয় ঘোষণায় সেই জল্পনাই কার্যত সত্যি হল।
অন্যদিকে, রেজিনগর বিধানসভা কেন্দ্রেও অভিজ্ঞ সংগঠককে বেছে নিয়েছে বিজেপি। এই কেন্দ্রে দলের প্রার্থী হচ্ছেন শাখারভ সরকার। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতা আগে জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য হিসেবেও রয়েছেন। ফলে স্থানীয় সংগঠন এবং দলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে পরিচিত শাখারভকেই এবার নির্বাচনী লড়াইয়ে নামিয়ে বড় বার্তা দিতে চাইল বিজেপি।
দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই উপনির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। একদিকে নন্দীগ্রামে হাসি রানি রথকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ, অন্যদিকে রেজিনগরে শাখারভ সরকারের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে দল। ফলে দুই কেন্দ্রেই এবার বিজেপির নির্বাচনী কৌশল কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন :শিয়ালদহ-সহ ৩ স্টেশনে বদল, পুজোর আগেই নতুন সুবিধা আনছে রেল…
প্রার্থী ঘোষণার পর এবার প্রচার, কর্মী সংগঠন এবং ভোটের অঙ্ক কষার পালা। উপনির্বাচনের লড়াই যত এগোবে, ততই স্পষ্ট হবে দুই কেন্দ্রে বিজেপির এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলতে পারে।













