বাংলা হান্ট ডেস্কঃ পুজোর সময় কলকাতার মণ্ডপগুলিতে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। সেই ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বেচ্ছাসেবকরা (Volunteer)। এবার তাঁদের জন্যই বিশেষ পোশাক ও টুপি ডিজাইন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। এর জন্য ৮৯ লাখ টাকা খরচ করবে লালবাজার। পুলিশের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
পোশাকের জন্য মোটা টাকা খরচ কলকাতা পুলিশের | (Kolkata Police)
লালবাজারের তরফে জানানো হয়েছে, প্রত্যেক বছর পুজোর আগেই আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করে কলকাতা পুলিশ। তাঁরা সাধারণত হাফ হাতা টি-শার্ট পরেই ডিউটি করতেন। তবে এবার তাঁরা কমলা রঙের পোশাক পরে ডিউটি করবেন। স্বেচ্ছাসেবক তথা ভলেন্টিয়াররা যাতে দীর্ঘসময় ধরে ওই পোশাক পরে আরামে ডিউটি করতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা দিবসে কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন জানুন
ইতিমধ্যেই ২০ হাজার স্বেচ্ছাসেবকের জন্য বিশেষ পোশাক ডিজাইন করে ফেলেছে লালবাজার। তাঁরা জানিয়েছে, দু’ধরণের কমলা রঙের পোশাক বানানো হচ্ছে। ফুল হাতা কলার সহ ওই জামার একটির রং গাঢ় কমলা ও অন্যটি হালকা কমলা।
এই বিশেষ পোশাকের সামনের দিকে সাদা রঙে কলকাতা পুলিশের লোগো থাকবে। সামনে ছোট অক্ষরে ও পিছনে বড় অক্ষরে লেখা থাকবে ‘কলকাতা পুলিশ ভলেন্টিয়ার’। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের জন্য কমলা রঙের টুপিও থাকবে। এই ২০ হাজার পোশাকের জন্য ৭৩ লাখ ও টুপির জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই কমলা রঙের পোশাক পরেই স্বেচ্ছাসেবকদের একটি অংশ রাস্তায় ট্রাফিক সামলানোর কাজ করবেন। পাশাপাশি কলকাতার প্রত্যেকটি বড় মণ্ডপে তাঁদের মোতায়েন করা হবে। দর্শনার্থীদের সুরক্ষার দিকে নজর রাখার পাশাপাশি কোনও মণ্ডপে অতিরিক্ত ভিড় হলেও যাতে ভিতরে ভিড় না জমে সেদিকেও তাঁরা নজর রাখবেন।
প্রত্যেক বছর পুজোয় কলকাতায় উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। সেই সময় শহরের আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। এবার তাঁদের জন্যই লাখ লাখ টাকা খরচে বিশেষ পোশাক ও টুপি বানাচ্ছে কলকাতা পুলিশ।













