মমতাদের ‘ফুটবল খেলোয়াড়’, ঋতব্রতদের ‘খাম’! দুই তৃণমূলের বিকল্প নামও জানিয়ে দিল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Election Commission announced Mamata Banerjee and Ritabrata Banerjee Trinamool Congress name and symbol
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) দুই শিবিরের বিকল্প নাম ও প্রতীক জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার রাতে কমিশন অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার পরেই মমতা শিবির ও ঋতব্রত শিবিরের তরফ থেকে বিকল্প নাম ও সম্ভাব্য প্রতীক জানানো হয়েছিল। তার ভিত্তিতে সিদ্ধান্ত নিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন।

কী নাম-প্রতীক পেল মমতা ও ঋতব্রত শিবির? | (Trinamool Congress)

শুক্রবার নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানায়, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস ভোটে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে লড়বে। তাঁদের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। অন্যদিকে ঋতব্রত শিবিরের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাঁদের প্রার্থীরা ‘খাম’ প্রতীকে লড়বেন।

আরও পড়ুনঃ এখনও অন্নপূর্ণা যোজনা পাননি? টাকা না এলে কোন নম্বরে অভিযোগ জানাবেন জানুন

গতকাল অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সময়েই কমিশন জানিয়েছিল, শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে তৃণমূলের দুই শিবিরকে বিকল্প নাম, প্রতীক জানাতে হবে। সেই মতো মমতা ও ঋতব্রতদের তরফ থেকে তাঁদের পছন্দের বিকল্প নাম ও সম্ভাব্য প্রতীক জানানো হয়। সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নেয় কমিশন।

এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতীকের ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দকেই গুরুত্ব দিয়েছে কমিশন। তবে নামের ক্ষেত্রে তৃতীয় পছন্দকে বেছে নেওয়া হয়েছে।

ঋতব্রত বলেন, “আমাদের প্রথম পছন্দ ছিল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। তবে কমিশন জানিয়েছে, কোনও কারণে প্রথম দুই নাম দেওয়া সম্ভব নয়। প্রতীক যা চেয়েছিলাম সেটাই দেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রশ্ন তোলার জায়গা নেই। তাঁদের নির্দেশকে সম্মান জানাই।“

পাশাপাশি মমতা শিবিরের নতুন নাম নিয়ে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, তাঁদের দলের নামে কোনও ব্যক্তির নাম নেই। তাঁদের আলোচনার মধ্যেই কোনও ব্যক্তির নাম ছিল না। তাঁদের দল গণতন্ত্রে জোর দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Trinamool Congress

অন্যদিকে কমিশনের নির্দেশিকার পর সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মমতা পন্থী বিধায়ক কুণাল ঘোষ। পায়ে ফুটবল, পরনে খেলোয়াড়ের পোশাক পরা নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “খেলা হবে। মমতাদির নামটাই যথেষ্ট। তৃণমূল কংগ্রেস তো তাঁরই সৃষ্টি, তাঁরই অধিকার।“

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল দু’ভাগে ভেঙে গিয়েছিল। এরপরেই নাম-প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপড়েন শুরু হয়। গতকাল এক অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশন জানায়, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ফ্রিজ করা হচ্ছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের দুই শিবিরের নাম, প্রতীক চূড়ান্ত করে দিল তাঁরা।