বাংলাহান্ট ডেস্ক: এবার দেশের গণ্ডি ছাড়িয়ে আধার (Aadhaar Card) ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI। বিশেষ করে বিদেশে থাকা ভারতীয় নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI)-দের কাছে আধারের পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর আলোচনায় UIDAI-এর CEO সৌরভ বিজয় জানিয়েছেন, আধার পরিকাঠামোকে আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী করে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন ব্যবস্থার মধ্যে আধারের ‘ইন্টারঅপারেবিলিটি’ বা সহজ সংযোগ তৈরি করার জন্য একাধিক প্রুফ অফ কনসেপ্ট (PoC)-এর কাজও চলছে।
ভারত ছেড়ে আধার (Aadhaar Card) ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা UIDAI-এর:
UIDAI-এর বক্তব্য, ভবিষ্যতে আধারকে (Aadhaar Card) আন্তর্জাতিক স্তরে আরও কার্যকর করতে শুধু প্রযুক্তিগত পরিবর্তনই নয়, প্রয়োজন হতে পারে আইনি কাঠামোরও। লক্ষ্য হল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যাতে বিদেশে থাকা ভারতীয়দের জন্য আধার-ভিত্তিক পরিষেবা ব্যবহার আরও সুবিধাজনক হয়। ডিজিটাল পরিচয় ব্যবস্থার এই সম্প্রসারণের ফলে বিদেশে থাকা ভারতীয়দের সঙ্গে দেশের বিভিন্ন ডিজিটাল ও আর্থিক পরিষেবার সংযোগও সহজ হতে পারে। UIDAI মনে করছে, এর ফলে ভারতে বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক স্তরে আধার ব্যবস্থাটি ঠিক কীভাবে চালু হবে, তার নির্দিষ্ট রূপরেখা বা সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে দাম! উৎসবের মরশুমে চিনির মজুতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, রয়েছে শর্তও
বর্তমানে বৈধ ভারতীয় পাসপোর্ট থাকা NRI-দের আধার পাওয়ার ক্ষেত্রে ১৮২ দিন ভারতে বসবাসের নিয়মটি প্রযোজ্য নয়। তাঁরা ভারতে এসে যে কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন। তবে পুরো প্রক্রিয়াটি এখনও দূর থেকে অনলাইনে সম্পন্ন করা যায় না। আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ এবং আইরিসের মতো বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য তাঁকে এনরোলমেন্ট সেন্টারে উপস্থিত হতে হয়। UIDAI-এর বর্তমান নির্দেশিকাতেও স্পষ্টভাবে বলা হয়েছে, বৈধ ভারতীয় পাসপোর্টধারী NRI-রা ১৮২ দিনের শর্ত ছাড়াই আধারে নাম নথিভুক্ত করতে পারেন।
অন্যদিকে OCI কার্ডধারীদের জন্য নিয়ম এখনও আলাদা। বর্তমান বিধি অনুযায়ী, আধারের জন্য আবেদন করার আগে আগের ১২ মাসের মধ্যে অন্তত ১৮২ দিন ভারতে বসবাস করতে হয়। বৈধ OCI কার্ডের পাশাপাশি বিদেশি পাসপোর্ট এবং প্রয়োজনীয় ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হয়। তাঁদের ক্ষেত্রেও এনরোলমেন্টের জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য দিতে হয়। UIDAI-এর নিয়ম অনুযায়ী OCI কার্ডধারীদের জন্য ইস্যু করা আধারের মেয়াদ বর্তমানে ১০ বছর। ভবিষ্যতে আধারকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ব্যবস্থায় কোনও পরিবর্তন আসে কি না, সেটাই এখন দেখার।

আধারের পরিধি বাড়ানোর পাশাপাশি জালিয়াতি রুখতেও প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে UIDAI। সংস্থার চেয়ারম্যান নীলকান্ত মিশ্র জানিয়েছেন, আধার (Aadhaar Card) ব্যবস্থায় প্রতারণা ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। UIDAI-এর বার্ষিক রিপোর্টেও ফ্রড প্রিভেনশন এবং কাস্টমার সার্ভিস উন্নত করতে AI প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা উল্লেখ রয়েছে। একই সময়ে গ্লোবাল ফিনটেক ফেস্টে UIDAI আধার ফেস অথেন্টিকেশন SDK এবং Sandbox-ও চালু করেছে, যাতে বিভিন্ন সংস্থা নিজেদের ডিজিটাল অ্যাপ্লিকেশনের সঙ্গে মুখ যাচাইয়ের প্রযুক্তি আরও সহজে যুক্ত ও পরীক্ষা করতে পারে। অর্থাৎ একদিকে আধারকে আন্তর্জাতিক ব্যবহারের জন্য প্রস্তুত করার কাজ চলছে, অন্যদিকে নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধেও প্রযুক্তিগত পরিকাঠামো আরও শক্ত করার দিকে জোর দিচ্ছে UIDAI।














