বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হয়েছে চার মাস হয়ে গিয়েছে। তবে এখনও অনেক যোগ্য আবেদনকারী টাকা পাননি বলে অভিযোগ। এই নিয়ে সাম্প্রতিক অতীতে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভও দেখিয়েছেন মহিলারা। অগাস্ট পেরিয়ে সেপ্টেম্বরেও সেই ধারা অব্যাহত।
অন্নপূর্ণা যোজনা না পেয়ে বিক্ষোভ | (Annapurna Yojana)
সেপ্টেম্বরে মাসেও অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পেয়ে হাওড়ার উদয়নারায়ণপুরে বিক্ষোভ শুরু করেন একদল মহিলা। সোমবার ভোর থেকে ভবানীপুর বিধি চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুলটিহারি অঞ্চলে পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা।
আরও পড়ুনঃ ১ অক্টোবর থেকে আর মিলবে না এলপিজি সাবসিডি! কাদের ভর্তুকি বন্ধ হতে চলেছে জানুন
বিক্ষোভকারীদের অভিযোগ, চার মাস হয়ে গেলেও বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা আসেনি। এই নিয়ে স্থানীয় বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে গেলেও কোনও সুরাহা হচ্ছে না। এমনকি স্থানীয় বিধায়ক সমীর পাঁজাও কোনও উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে আজ ভোর থেকে কুলটিহারি অঞ্চলে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন প্রায় শতাধিক মহিলা। তাঁদের দাবি, সব মহিলাকে টাকা না দিলে বাকিদেরও টাকা দেওয়া বন্ধ হোক।
এদিকে সপ্তাহের শুরুতেই সকাল থেকে এভাবে পথ অবরোধ করায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী সহ বহু মানুষ। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ। তাঁদের আশ্বাসে বাইক-টোটো যাওয়ার জন্য রাস্তা ছাড়লেও অন্য কোনও গাড়ি যেতে দিচ্ছিলেন না বিক্ষোভকারীরা। বিডিও অফিসের আধিকারিকরা এসে কথা না বললে অবরোধ না তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। বিগত চার মাস ধরে যোগ্য মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে এখনও এই প্রকল্পের টাকা না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন শতাধিক মহিলা।














