বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের জন্য EPFO-তে বড় পরিবর্তন। এতদিন মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে বাধ্যতামূলক EPFO কভারেজের নিয়ম ছিল। এবার সেই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে ৫১ লক্ষের বেশি নতুন কর্মী EPFO-র আওতায় আসতে পারেন।
EPFO : ১৫ হাজারের সীমা বেড়ে হল ২৫ হাজার
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত EPFO-র বেতনের সীমায় কোনও পরিবর্তন হয়নি। ২০১৪ সালের সেপ্টেম্বরে তা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়। এবার আরও ১০ হাজার টাকা বাড়িয়ে সীমা ২৫ হাজার টাকা করা হল।
নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি সংস্থায় যাঁদের বেসিক ও ডিএ মিলিয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন, তাঁরা নিয়ম অনুযায়ী EPF, EPS এবং EDLI-র সুবিধা পেতে পারেন। অর্থাৎ PF সঞ্চয়, পেনশনের সুযোগ এবং বিমা সুরক্ষা মিলতে পারে।
মাসে ২০ হাজার টাকা বেতন হলে?
আগে মাসে ২০ হাজার টাকা বেসিক বেতন পাওয়া কর্মী বাধ্যতামূলক EPFO কভারেজের বাইরে থাকতেন। কারণ তাঁর বেতন ১৫ হাজার টাকার সীমার বেশি ছিল। এখন সীমা ২৫ হাজার টাকা হওয়ায়, নিয়ম প্রযোজ্য হলে ২০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীও EPFO-র আওতায় আসবেন। তিনি PF সঞ্চয়, EPS-এর পেনশনের যোগ্যতা এবং EDLI বিমার সুবিধা পেতে পারেন।
১০ হাজার টাকা বেতন হলে?
১৫ হাজার টাকার নীচে যাঁদের বেতন, তাঁদের ক্ষেত্রে কোনও নতুন পরিবর্তন হচ্ছে না। EPFO-র আওতাভুক্ত সংস্থায় কাজ করা এই কর্মীরা নিয়ম অনুযায়ী আগেই কভারেজের মধ্যে ছিলেন।
২৫ হাজারের বেশি বেতন হলে?
বর্তমান PF সদস্যদের ক্ষেত্রে নতুন সীমার কারণে PF-তে জমার পরিমাণ বাড়তে পারে। আগে ১৫ হাজার টাকার ১২ শতাংশ হিসেবে সর্বোচ্চ ১৮০০ টাকা PF-এ জমা হত। এখন ২৫ হাজার টাকার ১২ শতাংশ হিসেবে সেই পরিমাণ ৩০০০ টাকা হতে পারে। অর্থাৎ মাসে সর্বোচ্চ ১২০০ টাকা বেশি কাটা যেতে পারে। এতে হাতে পাওয়া বেতন কিছুটা কমবে, তবে PF-এ বেশি টাকা জমা হবে।
কেন এই সিদ্ধান্ত?
১৫ হাজার টাকার সীমা ২০১৪ সালে চালু হয়েছিল। তারপর প্রায় ১২ বছর আর বদল হয়নি। এই সময়ে কর্মীদের বেতন এবং ন্যূনতম মজুরি অনেকটাই বেড়েছে। সরকারি কর্মকর্তাদের মতে, নিয়মিত বেতনভুক্ত কর্মীর গড় মাসিক আয় এখন প্রায় ২৩ হাজার টাকা। আবার কয়েকটি রাজ্যে ন্যূনতম মজুরিও ১৫ হাজার টাকার বেশি। তাই পুরনো সীমার সঙ্গে বর্তমান আয়ের হিসাব আর মিলছিল না। সেই কারণেই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
৫১ লক্ষের বেশি কর্মী আসতে পারেন আওতায়
সরকারের অনুমান, নতুন নিয়মে ৫১ লক্ষের বেশি অতিরিক্ত কর্মী EPFO-র আওতায় আসতে পারেন। নিয়ম অনুযায়ী কর্মীর পাশাপাশি সংস্থাকেও EPFO-তে অবদান দিতে হয়।

আরও পড়ুনঃ ১০০ বা ২০০ টাকা নয়, এবার গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! ডেঙ্গি রোধে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার
এই সিদ্ধান্তে সরকারেরও অতিরিক্ত খরচ হবে। হিসাব অনুযায়ী, বছরে প্রায় ১১৩৩৯ কোটি টাকা খরচ হতে পারে। বর্তমানে বার্ষিক বাজেট সহায়তা প্রায় ১০২৫০ কোটি টাকা। পাঁচ বছরে মোট খরচ প্রায় ৫৬৬৯৬ কোটি টাকা হতে পারে (EPFO)।














