বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের নানা প্রান্ত থেকে ডেঙ্গি (Dengue) সংক্রমণের ঘটনা সামনে আসছে। ইতিমধ্যেই বহু মানুষ আক্রান্ত হয়েছেন। এবার এই ডেঙ্গি রোধে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোমবার সকালে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচারে জরিমানা নিয়ে বড় বার্তা দেন তিনি।
মোটা অঙ্কের জরিমানার হুঁশিয়ারি অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
পুজোর আগে রাজ্যে ফের ডেঙ্গি থাবা বসিয়েছে। এই নিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা নিজে। এদিন সকালে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে। এরপর ডেঙ্গি রোধে কড়া বার্তা দেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুনঃ বদলের পথে বিশ্ব বাংলা সরণির নাম! চৈতন্য মহাপ্রভুর নামে নতুন রাস্তার নাম কী হবে?
অগ্নিমিত্রা বলেন, দু’টি বাড়ির পাঁচিলের মধ্যে যদি নোংরা আবর্জনা থাকে, তাহলে দুই বাড়িকেই জরিমানা করা হবে। সেই জরিমানার অঙ্ক ১০০ টাকা বা ২০০ টাকা হবে না। অঙ্কটা বেশ মোটা টাকাই হবে বলে জানান তিনি।
রাজ্যের পুরমন্ত্রী বলেন, “ওই ১০০ টাকা বা ২০০ টাকা জরিমানা নেওয়া হবে না। চিন্তা করবেন না। বেশ ভালো টাকার জরিমানা নেওয়া হবে।“
পাশাপাশি জনসাধারণের উদ্দেশে অগ্নিমিত্রা প্রশ্ন করেন, রোজ সকাল ৬টায় সাফাইকর্মীরা এলাকায় এলাকায় যান। তাঁদের কাছে বাড়ির ময়লা না দিয়ে কেন পাড়ার মোড়ে ফেলছেন? এতে ডেঙ্গির প্রকোপ বাড়তে পারে বলে জানান তিনি।
একইসঙ্গে পুরমন্ত্রী বলেন, “ডেঙ্গির মশা কিন্তু জানবে না যে আপনার বাড়ির লোককে কামড়াতে হবে না আর অন্যের বাড়ির লোককে কামড়ানো যাবে। সেই জন্য সবাই একটু সতর্ক থাকুন।“
এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতাও। তিনি বলেন, “কর্পোরেশন বাড়ি পরিষ্কার করে দেবে না। আপনাকেই নিজের বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।“

এদিন নিজের সমাজমাধ্যমেও ডেঙ্গি রোধে বড় বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। তিনি লেখেন, “রাস্তা এবং দু’টি বিল্ডিংয়ের মাঝখানে বা যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করুন। বাড়ির আবর্জনা নির্দিষ্ট নিয়ম মেনে সাফাইকর্মীদের হাতে সরাসরি তুলে দিন। যেখানে-সেখানে আবর্জনা ফেললে নিয়ম অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। তাই নিজের বাড়ির পাশাপাশি আমাদের রাস্তা ও পাড়াকেও পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব।“
সাধারণ মানুষের উদ্দেশে অগ্নিমিত্রার পরামর্শ, “প্রতিদিন সকালে সাফাইকর্মীরা যখন আসবেন, তাঁদের হাতেই বাড়ির বর্জ্য তুলে দিন। রাস্তায় বা খোলা জায়গায় আবর্জনা ফেলে আমাদের শহরকে নোংরা করবেন না।“














