বাংলাহান্ট ডেস্ক: ফের যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে পড়ল সমুদ্রপথে। হরমুজে (Strait of Hormuz) ওমানের (Oman) কাছে ভারতমুখী (India) একটি বাণিজ্যিক জাহাজে হামলায় প্রাণ গেল এক ভারতীয় নাবিকের। বুধবার ‘এমভি কেপ দাও’ নামে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজটি ওমানের জলসীমার কাছে হরমুজ প্রণালীর দিক দিয়ে ভারতের পথে আসছিল। সেই সময় জাহাজটিতে হামলা হয়। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং বাকি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। হামলার পর জাহাজের কয়েকজনকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
হরমুজের (Strait of Hormuz) কাছে ভারতের দিকে আসা জাহাজে টর্পেডো হামলায় মৃত্যু ১ ভারতীয় নাবিকের
নিহত ভারতীয় নাবিকের নাম সূরজ যাদব বলে জানিয়েছে ‘ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ বা FSUI। সংগঠনটির দাবি, উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা সূরজ ওই জাহাজে ‘উইপার’ হিসেবে কর্মরত ছিলেন। FSUI-এর বক্তব্য অনুযায়ী, মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন জাহাজটিতে, যার মধ্যে ২০ জন ভারতীয়। তবে ভারতীয় দূতাবাসের বিবৃতিতে জাহাজে ১৯ জন ভারতীয় নাগরিক থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতীয় নাবিকের সংখ্যা নিয়ে দুই পক্ষের তথ্যে সামান্য ফারাক রয়েছে। তবে একজন ভারতীয়ের মৃত্যুর বিষয়টি দূতাবাস নিশ্চিত করেছে (Success Story)।
আরও পড়ুন: জ্বালানির জন্য ভরসা ভারত! বিপুল পরিমাণ ডিজেল কিনল পাকিস্তানের বন্ধু তুরস্ক, চমকে দেবে পরিমাণ
হামলার ধরন নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। FSUI জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত করে। একটি জাহাজের পোর্ট সাইডের সি-ডেকের আবাসিক অংশে এবং অন্যটি ইঞ্জিন রুমের কাছাকাছি অংশে গিয়ে লাগে বলে সংগঠনটির দাবি। হামলার জেরে ইঞ্জিন রুমে আগুন লাগার কথাও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। ওমানের একটি যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পৌঁছে জাহাজের বাকি ক্রুদের উদ্ধার করে। হামলার দায় এখনও কোনও পক্ষ আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেনি। ফলে ঠিক কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
ঘটনার পর ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী এবং তার আশপাশের জলপথ বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার জেরে আন্তর্জাতিক জাহাজ চলাচলও চাপের মুখে। FSUI এই হামলার পর ভারতীয় নাবিকদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা, হামলার দায় নির্ধারণ এবং মৃত নাবিকের পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি তুলেছে। সংগঠনটির বক্তব্য, যুদ্ধের অংশ না হয়েও বাণিজ্যিক জাহাজে কর্মরত সাধারণ নাবিকরা ক্রমশ সংঘাতের বলি হচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে ভারতের ইলিশ! আচমকাই আমদানি বন্ধ করল তারেক রহমান সরকার
এদিকে, এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানোর বিষয়েও কাজ করছে। হরমুজ প্রণালী (Strait of Hormuz) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হওয়ায় সেখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। তার মধ্যেই ভারতগামী জাহাজে এক ভারতীয় নাবিকের মৃত্যু নতুন করে সেই ঝুঁকির দিকেই নজর টেনে দিয়েছে। বাকি নাবিকদের নিরাপত্তা এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, এখন তদন্তে মূলত সেই প্রশ্নগুলিরই উত্তর খোঁজা হচ্ছে।













