বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যেই সরকারি অনুদান (Puja Grants) ঘিরে সামনে এল নতুন শর্ত। সরকারি আর্থিক সাহায্য গ্রহণ করা পুজো কমিটিগুলিকে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে বলে জানানো হয়েছে। শর্তটি না মানলে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
অনুদান (Puja Grants) নিলেই মানতে হবে শর্ত
পুজোর আগে আইনশৃঙ্খলা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে বুধবার সাঁইথিয়ার রবীন্দ্র ভবনে বৈঠক হয়। জেলার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সেই সভায় প্রশাসনের আধিকারিক এবং পুলিশকর্তারাও ছিলেন। উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
এবারের দুর্গাপুজোয় সরকারি সাহায্যের পরিমাণ এক লক্ষ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর সেই অনুদান পাওয়ার বিষয়ে বিভিন্ন পুজো কমিটির মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু কারা এই অর্থ পাবেন, সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও সামনে আনেন বিজেপির বীরভূমের সাংগঠনিক জেলার সভাপতি। তিনি বলেন, “রাজনীতির আঙিনায় থাকলে পুজোয় অনুদানের ক্ষেত্রে সেই সব ক্লাবগুলিকে বিচারবিবেচনা করে অনুদান দেওয়ার কথা ভাবব। আপনারা দরখাস্ত করুন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের সেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব।”
অনুদানের প্রসঙ্গের পরেই তিনি পুজো কমিটিগুলির জন্য নির্দিষ্ট শর্তের কথা জানান। সরকারি টাকা নিয়ে পুজো করলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখতেই হবে বলে তাঁর বক্তব্য। উদয়শঙ্করের কথায়, “যে সমস্ত ক্লাব পুজোর অনুদান পাবে, সেই সব পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক। ছবি না লাগালে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন : পুজো থেকে দীপাবলি পর্যন্ত ৪ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কবে চলবে জানুন
ফলে সরকারি সহায়তা গ্রহণের সঙ্গে এই শর্ত যুক্ত হওয়ায় বীরভূমের পুজো মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয় রয়েছে এমন ক্লাবগুলির ক্ষেত্রে অনুদান দেওয়ার মাপকাঠি কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, রাজ্যজুড়ে দুর্গাপুজোর ব্যবস্থাপনা ও বিভিন্ন কমিটির মধ্যে সমন্বয়ের জন্য সরকার পৃথক একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে। প্রায় ৪০০টি পুজো কমিটিকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। বীরভূমে সরকারি অনুদান নেওয়া পুজো কমিটিগুলি নতুন নির্দেশ কীভাবে পালন করে, এখন সেটাই দেখার।













